অভীকের রেজিস্ট্রেশন বাতিল ও মদতদাতাদের শাস্তির দাবি, সরব চিকিৎসকরা
অভীক দে-র পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিশিপ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএমএ–বেঙ্গল। সংগঠনের সভাপতি চন্দনকুমার ঘোষ এবং সম্পাদক শান্তনু সেনের বক্তব্য, শুধু অভীককে শাস্তি দিলেই হবে না। তাঁদের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের একাংশ এবং অতীতে সক্রিয় প্রভাবশালী ‘নর্থ বেঙ্গল লবি’-র প্রত্যক্ষ মদতেই অভীক দীর্ঘ দিন প্রভাব খাটানোর সুযোগ পেয়েছেন। বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, স্বাস্থ্য–শিক্ষা অধিকর্তা ও বিশেষ সচিব (স্বাস্থ্য–শিক্ষা)-সহ কয়েক জন শীর্ষস্থানীয় কর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আইএমএ। মেডিক্যাল কাউন্সিলের কয়েক জন পদাধিকারীর বিরুদ্ধেও তাঁকে আড়াল করার অভিযোগ করেছে ওই সংগঠন। আইএমএ-র দাবি, ১৯১৪–র বেঙ্গল মেডিক্যাল অ্যাক্ট মেনে অভীকের নাম মেডিক্যাল রেজিস্টার থেকে স্থায়ী ভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হোক।