বন্যা-ভাঙন রোধে কেন্দ্রের কাছে ৩৩০০ কোটির প্রকল্পের প্রস্তাব শুভেন্দুর
এই সময়, মালদা: ফি বছরের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। বৃহস্পতিবার মালদার ভুতনি ও রতুয়ার বানভাসিদের এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক বছর বর্ষার মরশুমে রতুয়ায় গঙ্গার ভাঙন এবং ভুতনির বন্যা খবরের শিরোনামে উঠে আসে। প্রশাসনের ‘শুকনো আশ্বাস’ আর কিছু ত্রাণ পেয়ে নতুন করে জীবন–যুদ্ধ শুরু করেন ওখানকার মানুষজন। এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন। তাঁর মুখে শোনা গেল, পরিস্থিতি বদল ঘটানোর প্রতিশ্রুতি। ভাঙন ও বন্যা রোধে ৩৩০০ কোটি টাকার প্রকল্প কেন্দ্রকে পাঠানো হয়েছে বলে জানান শুভেন্দু।
এ দিন কপ্টারে ভুতনি এবং রতুয়ার গঙ্গার ভাঙ্গন ও বন্যা পরিস্থিতির খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরে মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন। তিনি বলেন, ‘গত ৫০ বছরে এ রাজ্যের কোনও সরকার বন্যা ও ভাঙনের সমাধানের চেষ্টা করেনি। লাখো মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারেনি। আর এ নিয়ে অাপনাদের ভাবতে হবে না। কারণ, এবার থেকে ভাঙন ও বন্যার স্থায়ী সমাধান করব আমরা।’ এবারে মানিকচক ব্লকের ভুতনি ও রতুয়া ১ ব্লকের মহানন্দাটোলা, বিলাইমারি এবং ইংরেজবাজার ব্লকের মিল্কি, খাসখোল এলাকায় গঙ্গার ভাঙন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ দিন বানভাসি ২৪,৫৯৫টি পরিবারকে সাহায্যের চেক তুলে দেওয়া হয়। সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এবং আংশিক ক্ষতিগ্রস্তদের পরিবার কিছু ৯০ হাজার টাকা করে চেক দেওয়া হয়। মোট ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। এছাড়াও পাঁচ হাজার পরিবারকে দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক, মশারি, ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়। পাঁচদিনের রেশন সামগ্রী দেওয়া হয়।
এ দিন শুভেন্দু বলেন, ‘ভুতনির প্রায় ১,৪০০ মিটার বাঁধ উড়ে গিয়েছে। যার ফলে লক্ষাধিক মানুষকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যে কানপুরের আইআইটি বিশেষজ্ঞরা ভুতনির বন্যা ও ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের জন্য তদারকি করে গিয়েছেন। আশা করছি এই সমস্যা আগামী দিনে আর হবে না।’ তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কাছে ৩৩০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র ৫০০ কোটি টাকার অনুমোদন করেছে। এর পাশাপাশি রাজ্যে ১২৪৮ কিলোমিটার রাস্তা সংস্কারের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন করে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের বার্তাও দিয়েছেন তিনি।