‘রক্ষণে উন্নতি দরকার’, ভারতের বিরুদ্ধে গোল না খেলেও, ব্রাজ়িলের ডিফেন্স নিয়ে বিরক্ত আন্সেলোত্তি
৪-০ জয়ের পরেও রক্ষণ নিয়ে খামতি দেখছেন
গোল না খেয়ে ম্যাচ শেষ করায় আন্সেলোত্তি খুশি। তবে সেটাকেই রক্ষণের নিখুঁত পারফরম্যান্স বলে মনে করছেন না তিনি। কারণ এই ম্যাচে যে ডিফেন্ডাররা খেলেছেন, তাঁদের অনেকেই এর আগে একসঙ্গে খেলেনি। আন্সেলোত্তি বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো ডিফেন্স করেছি। তবে কাউন্টার অ্যাটাকে ভারত আরও কয়েকটা সুযোগ তৈরি করতে পারলে আমাদের আরও ভালো ভাবে ডিফেন্স সামলাতে হত। গোল না খাওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু রক্ষণে কিছু বিষয় আরও উন্নত করতে হবে।’
কেন উন্নতির প্রয়োজন, সেটাও ব্যাখ্যা করেছেন ব্রাজ়িল কোচ। তাঁর দাবি, ‘যে রক্ষণভাগকে আমরা খেলিয়েছি, তারা এর আগে কখনও একসঙ্গে খেলেনি। তাই সব কিছু নিখুঁত হবে, এমনটা আশা করা যায় না।’ অর্থাৎ ৪-০ ব্যবধানের জয় এলেও দলের রক্ষণ নিয়ে এখনও কাজ করার জায়গা রয়েছে বলেই মনে করছেন আন্সেলোত্তি। একই সঙ্গে এই ম্যাচকে তরুণ ফুটবলারদের নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
তরুণদের দেখে সন্তুষ্ট, কলকাতার অভিজ্ঞতাও ভালো লেগেছে
অস্ট্রেলিয়ার পর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচে দলের তরুণ ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ পেয়েছেন আন্সেলোত্তি। তাঁর মতে, এই আন্তর্জাতিক সূচি থেকে বেশ কয়েক জন ফুটবলারের সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়েছেন তিনি। ব্রাজ়িল কোচ বলেন, ‘এই ফুটবলারদের আমি আরও ভালো ভাবে চিনতে পেরেছি। কয়েক জন খুব ভালো খেলেছে, কয়েক জন আরও ভালো খেলতে পারত। তবে প্রত্যেকেরই নিজস্ব গুণ রয়েছে। এই তিন ম্যাচের পর কোচিং স্টাফ হিসেবে আমরা যথেষ্ট সন্তুষ্ট।’