Sumit Roy: আরও বিপদে অভিষেকের PA, সরকারি চাকরি নিয়ে বড় অভিযোগ সুমিতের বিরুদ্ধে | Sumit Roy who is pa of abhishek banerjee one more fir logged - 24 Ghanta Bangla News
Home

Sumit Roy: আরও বিপদে অভিষেকের PA, সরকারি চাকরি নিয়ে বড় অভিযোগ সুমিতের বিরুদ্ধে | Sumit Roy who is pa of abhishek banerjee one more fir logged

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়Image Credit: Tv9 Bangla

কলকাতা: কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়? সেই নিয়ে প্রশ্নের মধ্যেই এবার আরও চাপে তিনি। কারণ, তাঁর বিরুদ্ধে এবার দায়ের হল নয়া মামলা। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এই নয়া মামলা দায়ের হয়েছে। আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। এর মধ্যেই আবার নয়া মামলা।

পুলিশ সূত্রে খবর, সুমিতের বিরুদ্ধে নতুন করে ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একজন জনৈক ব্যক্তি অপর আর একজন ব্যক্তির মাধ্যমে সুমিতকে লক্ষাধিক টাকা দিয়েছিলেন চাকরির জন্য। জানা যাচ্ছে, সেই টাকা দেওয়ার পর নথি পেয়েছিলেন, তারপর তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছিল। কিন্তু এত সবের পরও চাকরি হয়নি। শেষমেশ তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

এখানে উল্লেখ্য, প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় সুমিতের বিরুদ্ধে খোঁজ চালাচ্ছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে অভিষেকের আপ্ত সহায়কের নাম সামনে আসে। তারপরই সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। জারি হয় লুকআউট নোটিসও।

তৃণমূলের বেলেঘাটার বিধায়ক তথা মুখপত্র কুণাল ঘোষ বলেন, “সুমিত রায় সম্পর্কে যা যা বলার আগে বলেছি। আমি তৃণমূলের মুখপাত্র, সুমিত রায়ের নই। তাই ওঁকে নিয়ে কিছু বলব না। আইন আইনের মতো চলবে। আর আমি ওঁকে নিয়ে বেশি কিছু বলব না, অনেকে রেগে যান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *