হাইকোর্টের সিবিআইকে তদন্তভার দেওয়ার নির্দেশ নিয়ে অসন্তুষ্ট রত্না
এই সময়, ব্যারাকপুর: আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতীত ভূমিকা নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিলেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর অভিযোগ, মেয়ের দেহ তড়িঘড়ি দাহ করার বিষয়টিতে প্রথম থেকেই চূড়ান্ত উদাসীন ছিল সিবিআই।
শুক্রবার ব্যারাকপুরের গান্ধীঘাটে দাঁড়িয়ে তিনি আক্ষেপের সুরে জানান, বারবার দরবার করা সত্ত্বেও কেন্দ্রীয় গোয়েন্দারা এই গুরুত্বপূর্ণ দিকটিকে কোনও গুরুত্ব দেননি। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার দেহ সৎকারের তদন্ত কিছুদিন আগেই রাজ্য পুলিশের হাতে দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাতিল করে পুলিশকে একহাত নিয়েছে হাইকোর্ট।
তবে হাইকোর্টের নির্দেশে তিনি যে সন্তুষ্ট নন তা স্পষ্ট করে দিয়ে রত্না বলেন, ‘পরিবার কখনওই এই তদন্তভার সিবিআইয়ের হাতে যাক তা চায়নি।’ তবে তাঁর মতে, এটি আরজি করের মূল ধর্ষণ ও খুনের মামলার সমান্তরাল কোনও প্রক্রিয়া নয়। বলপূর্বক মেয়ের নিথর দেহ পুড়িয়ে দেওয়ার অপরাধে এটি সম্পূর্ণ একটি পৃথক আইনি লড়াই। তড়িঘড়ি দেহ সৎকারের মামলায় নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন হলেও এই আইনি লড়াই এখনই শেষ হয়ে যাচ্ছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রত্না।