ভোট প্রক্রিয়া শুরু কমিশনের, এলাকায় নামল কেন্দ্রীয় বাহিনী
নন্দীগ্রাম: আসন্ন ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই ভোটের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে নিয়ে গেল নির্বাচন কমিশন।…
নন্দীগ্রাম: আসন্ন ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই ভোটের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে নিয়ে গেল নির্বাচন কমিশন। বিধানসভা এলাকার প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।
নির্বাচন কমিশনের নিয়ম মেনে যে সমস্ত বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম ভোটাররা আবেদন করেছিলেন, তাঁদের নিয়ে আগেই একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছিল। পোলিং অফিসার নীলাদ্রি শেখর পন্ডা জানিয়েছেন, সেই তালিকা অনুযায়ী সম্পূর্ণ কমিশনের নির্দেশিত নিয়ম মেনে বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ চলছে।
প্রশাসনের এই মানবিক পদক্ষেপে দারুণ খুশি প্রবীণ ও অসুস্থ ভোটাররা। স্থানীয় বাসিন্দা আভারানী ও প্রসেনজিৎ পট্টনায়ক জানিয়েছেন, “ভীষণ অসুস্থতার কারণে আমাদের পক্ষে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কমিশন কর্মীরা বাড়ি এসে ভোট নিয়ে যাওয়ায় আমাদের ভীষণ সুবিধা হয়েছে।”
অন্যদিকে, নন্দীগ্রামে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ইতিমধ্যেই এলাকায় পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে এলাকা জুড়ে টহলদারি শুরু করেছেন জওয়ানরা। প্রশাসন সূত্রে খবর, ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে এলাকায় আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
সিউড়িতে আক্রান্ত বীরভূমের বাঘ অনুব্রত! জয় শ্রী রাম স্লোগানে ভাঙা হল কার্যালয়