বৈঠকে থাকলেও কতটা একজোট 'ইন্ডিয়া'! সংশয়
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
জ্ঞানেশ কুমারের অপসারণের ইস্যুতে বুধবার দিল্লিতে বিরোধী শিবিরের ১৯টি দল একযোগে বৈঠক তো করল, কিন্তু সত্যিই কি বিরোধীরা এককাট্টা— ফের এই প্রশ্ন উঠে গেল। তার কারণ, বিরোধী জোটের তরফে লাগাতার অনুরোধ জানানোর পরেও বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেয়নি ডিএমকে৷ গরহাজির থেকেছে আম আদমি পার্টিও৷ আবার তামিলনাড়ুর ভোটের পরে যে থালাপতি বিজয়ের দল টিভিকের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে স্ট্যালিনের সঙ্গে আকচাআকচির সূত্রপাত, বৈঠকে ছিল না টিভিকেও। এমনকী, আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে সপা–সুপ্রিমো অখিলেশ যাদবের নিজে না–এসে প্রতিনিধি পাঠানোকেও যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আবার বক্তব্য, এ দিন বিরোধী শিবির ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি নিয়েছে। কিন্তু ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিনই আবার জ্ঞানেশ ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এর আগে ‘নিট’–প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচদের আন্দোলন দিল্লির যন্তর মন্তর থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তার মাইলেজ নিতে পারেনি। ফলে বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির আমন্ত্রণ পেয়েও সিজেপির যোগ না–দেওয়ার বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিরোধীদের এককাট্টা মনোভাব নিয়ে সংশয় দানা বাঁধছে আগামী বছর নির্ধারিত উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন ঘিরেও। কারণ, পাঞ্জাবের ভোটে কেজরিওয়ালের আপ–ই কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী। আবার উত্তরপ্রদেশের ভোটে এখনও কংগ্রেসের সঙ্গে অখিলেশ যাদবের সপা–র বোঝাপড়া চূড়ান্ত হয়নি। ফলে কেজরিওয়াল ও অখিলেশ কী করবেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এর মধ্যে আবার ডিএমকে সাংসদ কানিমোড়ি কংগ্রেসকে বাদ দিয়ে থার্ড ফ্রন্ট গড়ার উদ্যোগ নিচ্ছেন। এ দিনের বৈঠকে যে সব দল অংশ নিয়েছিল, তার অনেকের শীর্ষ নেতানেত্রীর সঙ্গে বৈঠক করেছেন কানিমোড়ি। তার মধ্যে অখিলেশ, ওমর আবদুল্লা, মমতা বন্দ্যোপাধ্যায়রাও আছেন।
সূত্রের দাবি, এই থার্ড ফ্রন্ট গড়ার পথ থেকে ডিএমকে–কে সরাতে কংগ্রেস নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। সূত্রের দাবি, এ দিনের বৈঠকের ফাঁকেই কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গে মমতার সামান্য সময় একান্তে কথা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য থার্ড ফ্রন্ট গঠন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে পারলে আখেরে কংগ্রেসেরই লাভ— এই অঙ্ক মাথায় রেখেই করা হচ্ছে যাবতীয় পরিকল্পনা— এমনই দাবি কংগ্রেস সূত্রের৷
এ দিন ‘ইন্ডিয়া’ জোটের সাংবাদিক বৈঠক চলাকালীন মমতা সিইসি জ্ঞানেশ কুমারকে ‘চোর, ডাকাত’ বলে নিশানা করার সময়ে রাহুলকে মৃদু হাসতে দেখা যায়৷ আবার সনিয়া টেবিল চাপড়ে মমতাকে সমর্থন জানান প্রকাশ্যেই৷ মমতার বক্তব্য শেষ হওয়া মাত্রই পিঠ চাপড়ে তাঁকে অভিনন্দনও জানান সনিয়া গান্ধী৷
বিরোধী জোট সূত্রের খবর, বেবির আমন্ত্রণ পেয়েও সিজেপি বুধবারের বৈঠকে অংশ না–নেওয়ায় কিছুটা স্বস্তিই পেয়েছে কংগ্রেস৷ ‘হাত’ নেতৃত্ব কোনও ভাবেই চাইছেন না যে, ‘সার’ এবং জ্ঞানেশ কুমার ইস্যুতে সিজেপির প্রস্তাবিত আন্দোলন কর্মসূচির প্রতি প্রকাশ্যে সমর্থন জানাক ‘ইন্ডিয়া’ শরিক দলগুলি৷ সূত্রের আরও দাবি, মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি তোলেন দলের সাংসদ এবং এআইসিসি সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও৷ বৈঠকে তিনি বলেন, ‘যে কোনও মূল্যে সিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখতেই হবে৷ তা না হলে আগামী দিনে কংগ্রেসের ইস্যুকে হাইজ্যাক করে নিজেদের মাইলেজ গুছিয়ে নেবে সিজেপি৷’ অভিজিত্ দীপকেদের তথাকথিত অরাজনৈতিক মঞ্চের প্রতি নীতিগত সমর্থন জানালেও তাদের কর্মসূচিকে কোনও ভাবেই একাত্ম করবে না কংগ্রেস — এমনই অভিমত ওয়েনাড়েরকংগ্রেস সাংসদের৷