বকেয়া কর ২০ কোটি টাকার বেশি, আধিকারিকদের নিয়ে পথে নামলেন পুরসভার চেয়ারম্যান
নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। দিন দিন বাড়ছে খরচ। অথচ পুর তহবিলের হাল ভাঁড়ে মা ভবানী। কর দিচ্ছেন না ব্যবসায়ীরা। শুধু ব্যবসা প্রতিষ্ঠানের নয়, বছরের পর বছর পুরকর বকেয়া আছে বিভিন্ন সরকারি অফিসের। বাড়তে বাড়তে সেই বকেয়া করের পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছেপুজোর বোনাস, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়া। সেই সঙ্গেই পুর পরিষেবা কীভাবে চলবে তাও নিয়ে চিন্তা। এই কারণেই এ বার বকেয়া পুরকর আদায়ের জন্য আধিকারিকদের নিয়ে পথে নামলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। মহালয়ার মধ্যে এই ট্যাক্স জমা না দিলে কড়া এবং আইনানুগ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।