Arjun Singh: TMC নেতা আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দাবি অর্জুনের, কেন? – Bengali News | Arjun singh: Arjun Singh demands Z Plus category security for TMC leader Abdul Rahim Bakshi, why?
আব্দুল রহিম বক্সি প্রসঙ্গে অর্জুন সিংImage Credit: TV9 Bangla
বারাকপুর: তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দাবি। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর প্রচ্ছন্ন হুঁশিয়ারি, ” মুখ্যমন্ত্রী যেন আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিন,না হলে পিক এন্ড চুজ হয়ে যাবে।” উল্লেখ্য, আব্দুল রহিম বক্সি মালদহের তৃণমূল নেতা। গত কয়েক মাসে তিনি বিজেপি কর্মীকে উদ্দেশ করে একাধিক মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেও তিনি বিজেপি-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
আব্দুল রহিম প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন। এর আগে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকেও সরাসরি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন। বুধবার এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ, আবদুল রহিম বক্সিকে জেড প্লাস সিকিউরিটি দিন। না হলে আব্দুল রহিম পিক এন্ড চুজ হয়ে যাবে।” অর্জুনের বক্তব্য, “একের পর এক যে ভাবে কাউকে জিভ কেটে নেবে বলছে, কারও পা কেটে দেবে, কাউকে তেজাব খাইয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন,তাতে ওকেই না পাবলিক মেরে দিতে পারে। তাই ওর জেড প্লাস সিকিউরিটি দরকার।”
প্রসঙ্গত, এর আগে SIR নিয়ে বলতে গিয়ে মালদহের দাপুটে এই তৃণমূল নেতা বলেন, “যাঁদের চোখ এই রাজ্যে বাংলাদেশি আছে কিনা তা দেখবে, তাঁদের সেই চোখ দুটো আমরা উপড়ে নেব। কপালের নীচে চোখ রাখব না।” গত সপ্তাহেই বাঙালি অস্মিতা নিয়ে বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছিলেন, “গলায় এমনভাবে অ্যাসিড ঢালব, যে গলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।”