Women Reservation in Lok Sabha: জনগণনার আগেই লোকসভায় বাড়বে সাংসদের সংখ্যা? মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

Women Reservation in Lok Sabha: জনগণনার আগেই লোকসভায় বাড়বে সাংসদের সংখ্যা? মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র

Women Reservation in Lok Sabha: জনগণনার আগেই লোকসভায় বাড়বে সাংসদের সংখ্যা? মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র

নয়াদিল্লি : সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে মহিলা সংরক্ষণ বিলে সংশোধনী চায় কেন্দ্র। কয়েকদিন আগই রাজনৈতিক মহলে খবর ছড়িয়েছিল, সংসদে মহিলা সংরক্ষণ বাড়াতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার। ৩৩ শতাংশ সংরক্ষণকে বাস্তবায়িত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে, তা আসন্ন জনগণনার পরই বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছিল। তবে, এবার সেই বিলে সংশোধনী আনতে উদ্যোগী কেন্দ্র।

কী সংশোধনী আনা হচ্ছে ?

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সংসদে দুটি সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে সরকার। ২০১১ জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ লাগু হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালে যখন এই বিল পাস করা হয়েছিল, তখন বলা হয়েছিল প্রথমে জনগণনা হবে । তারপর ওই জনগণনার ভিত্তিতে জনবিন্যাস কত হচ্ছে, তা দেখে নেওয়া হবে। তার ভিত্তিতেই আরও আসন পুনর্বিন্যাস করা হবে। তারপরই এই মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত করা হবে। কিন্তু এখন কেন্দ্র এই বিলে সংশোধনী আনতে চাইছে। কেন্দ্র বলছে, আসন্ন যে জনগণনার কথা উল্লেখ করা হয়েছিল বিলে, সেটা বাদ দেওয়া হচ্ছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে।

কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করতে চায়। যদি সত্যি তা বাস্তবায়িত হয়, তাহলে লোকসভার সাংসদ সংখ্যা একধাক্কায় বেড়ে হতে চলেছে ৮১৬। পশ্চিমবঙ্গে লোকসভার আসন ৪২ থেকে বেড়ে হতে চলেছে ৬৩। বিল পাশ হলে সরকার গঠনের জন্য এরপর প্রয়োজন হবে নূন্যতম ৪০৯ আসন।

সংশোধনী বিল পাস করাতে সংসদে দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বিরোধীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আঞ্চলিক দলের সাংসদদের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন। তবে,এই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে সংশোধনী বিলে সমর্থন করবেন কি না, সেই বিষয় সংশয় তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *