CM Mamata Banerjee: কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্য়াম্প কেন? প্রশ্ন তুলে সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা: প্রচার যুদ্ধে যাওয়ার আগে ফের নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের সঙ্গে ফের বিজেপির আঁতাতের অভিযোগ। কেন কমিশনের লেটার হেডে বিজেপির লোগো? উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে প্রশ্ন তুললেন মমতা। কলকাতা বিমানমন্দরে দাঁড়িয়ে মমতার সাফ কথা, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাই ওদের নোটিফিকেশনে বিজেপির ভোটের সিম্বল।” মমতার এ মন্তব্য নিয়েই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। খোঁচা দিয়েই বললেন, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে বলেন, “পিছনের দরজা খেলছেন কেন? সামনা-সামনি খেলুন। ক্ল্যারিক্যাল মিসটেক বললে হয়ে যাবে? নাকি এটা ইচ্ছা করে করা হয়েছে? আমরা সব রাজনৈতিক দলকে একসঙ্গে লড়াইয়ের জন্য বলছি। এক দলীয় শাসনের বিরুদ্ধে লড়তে হবে।”
একইসঙ্গে আইপিএস, আইএএসদের রদবদল নিয়েও সুর চড়ালেন। সুর চড়ালেন মধ্যরাতে এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়েও। মমতার সাফ কথা, “মধ্যরাতে লিস্ট কেন বের হবে? এখনও পর্যন্ত লিস্ট বুথে, ব্লকে, জেলায় কোথাও টাঙানো হয়নি। কালকেও দু’জন আত্মহত্যা করেছে। তার আগেও দুজন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষ এর মধ্যে মারা গেল।”
এসআইআর নিয়ে তৃণমূলের কোর্টে লড়াইয়ের কথাও মনে করান মমতা। কমিশনের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানিয়ে বলেন, “যেটুকু নাম উঠেছে মনে রাখবেন আমার কেস করার জন্যই উঠেছে। এখন ওদের লিস্ট বের করতে ভয় কেন? নিশ্চয় তার মধ্যে স্বচ্ছতা নেই কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? কী কী বাদ দিয়েছেন? একতরফা কী কোনও রাজনৈতিক দলের নাম ঢুকিয়েছেন?”