ছবির শ্যুট শেষ হলেও অমিতাভ বচ্চনকে বাদ দেওয়া হয় , কেন ? – Bengali News | Even though the shooting of the film was completed, Amitabh Bachchan was removed
এখন তিনি কিংবদন্তি মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রতিদিন তাঁর বাড়ি জলসার সামনে ভক্তদের সমাবেশ, উন্মাদনা ভক্তদের মধ্যে। তাঁকে নিয়ে ছবি করার অপেক্ষায় থাকে প্রযোজক পরিচালকরা। তবে অমিতাভ বচ্চনের শুরুটা এত মসৃণ ছিলনা। একটি টিভি অনুষ্ঠানে এসে এমনই গল্প শোনালেন, বলিউড অভিনেত্রী অরুনা ইরানী।

অরুনা ইরানী জানালেন, “বহু বছর আগের কথা তখন অমিতাভ বচ্চন তেমন নাম করেনি। আমি আর মেহমুদ শ্যুটিং করছিলাম মুম্বইয়ের রাজকমল স্টুডিওতে। আমাদের উল্টোদিকের ফ্লোরে শ্যুট করছিলেন অমিতাভ বচ্চন। ছবিটি ছিল কুন্দন কুমারের। ছবিটি পাঁচটা রিল শ্যুট হয়ে গিয়েছিল। মানে ছবির শ্যুট শেষের দিকে। আমাদের লাঞ্চ ব্রেক হয়েছিল। আমরা বসে খাবার খাচ্ছি। এমন সময় দেখলাম মাথা নিচু করে স্টুডিও থেকে বেড়িয়ে আসছে আমিতাভ। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে? উত্তরে অমিতাভ জানালেন, পাঁচটা রিল শ্যুটের পরও তাঁকে ছবিটি ছাড়তে হল, কারন অমিতাভ বচ্চন আছে বলে ছবিটি কোন ডিস্ট্রিবিউটার কিনছেন না। তাই তাঁকে সই করে দিতে হল , যে অমিতাভ নিজের ইচ্ছেতে ছবিটি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এই ইন্ডাস্ট্রির প্রথমে অমিতাভ বচ্চনকেও এইরকম ভাবে বিব্রত করেছে। পরবর্তী সময়ে ওই ছবিতে সঞ্জয় খানকে নিয়ে আবার শুরু থেকে শ্যুট করা হয়েছিল। সেই ছবির নাম ‘দুনিয়া কা মেলা’। ”
সময়ের সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন নাম করেছেন, বহু ছবি হিট দিয়ে সুপারস্টার হয়েছেন। আবার সময়ের খেলাতেই তাঁর প্রযোজনা সংস্থা এবিসিএল এর জন্য ব্যাঙ্ক ক্রাফ্ট হয়েছিলেন। তবে হার মানেননি অভিনেতা , আবার অমিতাভ বচ্চন ঘুরে দাঁড়িয়েছেন ছোট পর্দার কুইজ শ্যো করে। কেরিয়ারের ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েই আজ কিংবদন্তি অভিনেতা হয়েছেন বিগ বি।