Marco Rubio: ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ক্রয়ে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ধন্যবাদ মার্কো রুবিও-রর | Marco Rubio claimed India To Buy 500 Billion dollar Worth Of US Goods In 5 Years
নয়া দিল্লি: ভারতে চারদিনের সফরে এসেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য়, প্রতিরক্ষা, শক্তি-র মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ধন্যবাদ জানান, আমেরিকান কূটনীতিকদের। একইসঙ্গে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক প্রতিশ্রুতি নিয়েও বড় দাবি করেছেন।
৫০০ বিলিয়ন ডলার পণ্য ক্রয়
এক্স হ্যান্ডেলে মার্কো রুবিও জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে প্রচুর পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। লেখেন, “সার্জিও গোর এবং আমাদের আমেরিকান কূটনীতিকদের প্রচেষ্টার জন্য অশেষ ধন্যবাদ। তাদের অসাধারণ কাজের ফলেই ভারত আগামী পাঁচ বছরে জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিখাতে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মার্কিন পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকান জনগণের জন্য চমৎকার কাজ করছেন।”
মোদী-রুবিও আলোচনা
গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ার সংঘাতের উপর আলোকপাত করা হয়েছে। বৈঠকের পর রুবিও এক্স-এ পোস্ট করে লেখেন, “নয়াদিল্লিতে আমি মার্কিন-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জ্বালানি খাতে মার্কিন-ভারত অংশীদারিত্ব, প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত।”