Bigg Boss Bangla: প্রিয় বন্ধু জীতুই এখন ‘শত্রু’! দুর্নিবারের আড্ডায় বিগ বসের অন্দরমহলের সব গোপন কথা ফাঁস করলেন রাজবীর | Bigg Boss Bangla: Rajveer Dey Calls Best Friend Jeetu His Enemy in Candid Podcast with Durnibar Saha
জীতুকে নিয়ে কী বলেছেন রাজবীর?
বন্ধুত্বের সমীকরণ কি তবে পুরোপুরি বদলে গেল? বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha)-র বিশেষ পডকাস্ট আড্ডায় বসে এমনই এক বড় চমক দিলেন অভিনেতা রাজবীর দে (Rajveer Dey)। একসময় এই বাড়িতে জীতু (Jeetu) ছিলেন রাজবীরের সবচেয়ে কাছের বন্ধু। অথচ সেই প্রিয় বন্ধুকেই এবার সরাসরি নিজের ‘শত্রু’ বলে দিলেন তিনি!
জীতুকে নিয়ে বিস্ফোরক রাজবীর
আড্ডার শুরুতেই দুর্নিবারের একের পর এক প্রশ্নে সোজাসাপ্টা উত্তর দেন রাজবীর। কাকে নিজের গুরু বা পথ দেখানোর মানুষ মানেন? জীতুর বদলে তিনি বেছে নেন ভরত কলকে। এখানেই শেষ নয়। শত্রু এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে বাছবেন, এই প্রশ্নে দুর্নিবারের নাম বাদ দিয়ে দু’বারই জীতুর নাম নেন রাজবীর। এমনকী খেলার সঙ্গী হিসেবেও পুরনো বন্ধু জীতুকে ছেড়ে সৌরভকেই বেছে নিয়েছেন তিনি। অন্যদিকে বন্ধুত্বের তালিকায় তনুশ্রীকে টপকে সোনামণি এবং দীপেন্দুর বদলে ঝিলামের নাম বলেন অভিনেতা।
সেরা রাঁধুনির প্রশ্নেও তনুশ্রীকে হারিয়ে রাজবীরের ভোট গিয়েছে সোনামণির ঝুলিতে। সোনামণিকে নিয়ে হাসতে হাসতে রাজবীর বলেন, তিনি যেমন সোনামণিকে পছন্দ করেন না, তেমনই তাঁর প্রতি একটা আলাদা টানও কাজ করে। সোনামণি খুব মিষ্টি ও শক্তিশালী বলেও মানেন তিনি। পাশাপাশি শিলিগুড়িতে তাঁর একটি বন্ধুদের দলের কথাও জানান, যাঁরা যে কোনও পরিস্থিতিতে তাঁকে ভালোবাসা ও সাহস জোগান।
বাড়ির সবচেয়ে নতুন ভাবনার মানুষ হিসেবে ঝিলম, নিরঞ্জন, মনামী, সৌরভ ও দুর্নিবারের মধ্যে নিরঞ্জনকে বেছে নেন রাজবীর। কারণ ডিজিটাল দুনিয়ায় কীভাবে দর্শকদের মন জয় করতে হয়, তা তিনি নিরঞ্জনের কাছ থেকেই শিখতে চান। ঝিলাম বড্ড বেশি কবিতার মতো শিল্পীমনের হওয়ায় তাঁর সঙ্গে দুর্নিবারেরই বেশি জমবে বলে মত রাজবীরের।
সাত-আট বছর কাজের সূত্রে বাংলার বাইরে ছিলেন রাজবীর। তাই বিগ বসের ঘরে সবার মুখে বাংলা গান শুনলে তাঁর রক্তে টান পড়ে। ছোটবেলায় শোনা ৯০ শতাংশ চেষ্টা করলে ৮০ শতাংশ পাওয়ার কথাই তাঁর চলার পথের শক্তি। রাজবীর জানান, বিগ বসের যাত্রায় কখনও চুপ করে বসে থাকেননি তিনি। মন শান্ত করতে বড়জোর পাঁচ মিনিট বসেন, তারপর হাঁটাহাঁটি, জিম, সাঁতার বা দুর্নিবারের কাছে গান শিখে সময় কাটান। ঘরের কাউকে নয়, নিজের আসল রূপটা তিনি সরাসরি দর্শকদেরই দেখান। নন্দিনী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের সামনেই কেঁদেছিলেন ও রেগে গিয়েছিলেন রাজবীর। তাঁর কথায়, ভালোবাসা থাকলে রাগও থাকে। আর এই গোটা সফরে কখনও ভেঙে পড়েননি তিনি।