Contraceptive Pill ব্যবহারে অনীহা, সোশ্যাল মিডিয়ার জন্যই কি বাড়ছে ‘হরমোনাল হেজ়িটেন্সি’? - 24 Ghanta Bangla News
Home

Contraceptive Pill ব্যবহারে অনীহা, সোশ্যাল মিডিয়ার জন্যই কি বাড়ছে ‘হরমোনাল হেজ়িটেন্সি’?

Spread the love

জন্মনিরোধক বড়ি! তার কাজ কী, কেন মহিলারা এই ধরনের বড়ি খান, সে সম্বন্ধে অনেকেই জানেন। তবে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও ঋতুস্রাবজনিত বেশ কিছু সমস্যা নিরাময়ের জন্যও চিকিৎসকরা এই ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে চিন্তার বিষয় হলো, গত এক দশকে গ্রেট ব্রিটেনে তরুণীদের মধ্যে হরমোনজনিত গর্ভনিরোধক পিল ব্যবহারের প্রবণতা কমে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বিখ্যাত জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত চতুর্থ ‘ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস’ (Natsal-4)-এর রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষক ও চিকিৎসকরা বলছেন, এর নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার। কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করা নানা ধরনের অবৈজ্ঞানিক, ভ্রান্ত ধারণা, প্রাকৃতিক পন্থার উপর অত্যধিক ভরসা—যে কারণে তরুণীদের মধ্যে ‘হরমোনাল হেজ়িটেন্সি’ বা হরমোন-ভীতি তৈরি হচ্ছে, যার জেরে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি।

কী বলছে ‘ন্যাটসাল-৪’ (Natsal-4) গবেষণার পরিসংখ্যান?

ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ১৬ থেকে ৫৯ বছর বয়সী প্রায় ৭,০০০ মানুষের উপর পরিচালিত এই দশকব্যাপী সমীক্ষায় উঠে এসেছে একাধিক তাৎপর্যপূর্ণ দিক। পরিসংখ্যান বলছে, ১৬-২৪ বছর বয়সি তরুণীদের হরমোনাল গর্ভনিরোধক ব্যবহারের হার ছিল ৬৪.৬ শতাংশ। কিন্তু বিগত এক দশকে সেই বার কমে দাঁড়িয়েছে ৫০.৩ শতাংশে। এ ছাড়াও সমীক্ষায় দেখা গিয়েছে, সামগ্রিক ভাবে ব্রিটেনে মানুষের যৌন সংসর্গের হারও কমেছে। ১৯৯০ সালে যেখানে ৪৪ বছরের কম বয়সীরা সপ্তাহে গড়ে একবার যৌন সম্পর্কে লিপ্ত হতেন, সেখানে বর্তমানে তা কমে মাসে গড়ে মাত্র দু’বারে দাঁড়িয়েছে।

কেন বাড়ছে ‘হরমোনাল হেজ়িটেন্সি’?

চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, গর্ভনিরোধক পিল, ইমপ্ল্যান্ট বা ইঞ্জেকশনের মতো হরমোনাল পদ্ধতির প্রতি তরুণীদের অনীহার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে।

  • সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য: অনলাইনে নানা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে যে হরমোনাল বার্থ কন্ট্রোল ভবিষ্যতে বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতার স্থায়ী ক্ষতি করতে পারে এবং এর অজানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

  • ‘ন্যাচারাল’ পদ্ধতি ও অ্যাপের প্রচার: অনেক অনলাইন কনটেন্ট ক্রিয়েটর কৃত্রিম হরমোনকে ক্ষতিকর হিসেবে তুলে ধরে ‘ফার্টিলিটি-ট্র্যাকিং অ্যাপ’ বা তথাকথিত প্রাকৃতিক পদ্ধতির প্রচার করছেন, যা চিকিৎসা বিজ্ঞানের নিরিখে অনেকটাই কম নির্ভরযোগ্য।

  • স্বাস্থ্য পরিষেবা ও যৌন শিক্ষার অভাব: যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবায় তহবিল হ্রাস এবং স্কুল ও পরবর্তী স্তরে সঠিক যৌনশিক্ষার অভাবের ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করছে সোশ্যাল মিডিয়ার এই বিভ্রান্তিকর তথ্য।

‘কলেজ অফ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকেয়ার’-এর প্রেসিডেন্ট চিকিৎসক জ়ারা হায়দার এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একদিকে যেমন সন্তান না চাওয়া নারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, অন্যদিকে তেমনই গর্ভনিরোধক ব্যবহার না করায় প্রতি পাঁচজনের মধ্যে একজন নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে।’

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অভিজ্ঞতার শেয়ারিং নিয়ে সতর্ক করে তিনি আরও জানান, নির্দিষ্ট কোনও একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তাই অনলাইনের তথ্যে বিভ্রান্ত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে সঠিক ও ভারসাম্যপূর্ণ তথ্যের ভিত্তিতে গর্ভনিরোধক পদ্ধতি বেছে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *