১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন হাসিনা! কেন এই দিনটি বেছে নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

ঢাকা: বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। ২০২৪ সালের অগস্টে দেশ ছাড়ার পর…
ঢাকা: বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। ২০২৪ সালের অগস্টে দেশ ছাড়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রায় দু’বছর পর তাঁর এই প্রত্যাবর্তনের ইচ্ছাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। তবে দেশে ফেরার পথ যে মোটেই সহজ নয়, তা স্পষ্ট। কারণ, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অনুপস্থিতিতে বিচার চলার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডও ঘোষণা করা হয়েছে তাঁর।
কেন ১৬ ডিসেম্বর বেছে নিলেন হাসিনা?
বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনেই ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীর যৌথ অভিযানের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা। স্বাধীন বাংলাদেশের জন্মের সেই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিশেষ দিনটিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে হাসিনার রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল।
শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর পরিবারের নাম। ফলে বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা করে মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকারকে সামনে আনতে চাইছেন হাসিনা, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগ এবং তার সহযোগী সংগঠনগুলির কার্যক্রম নিষিদ্ধ করে। এই পরিস্থিতিতে দলের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়েও তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
দেশে ফেরা কি আদৌ সম্ভব?
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের যে বিমানে তাঁকে ভারতে নিয়ে আসা হয়েছিল, এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থা করুক সরকার। তবে হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে আগেই জানিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনও নাকচ করেছে ঢাকা। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া হাসিনাকে দেশে ফেরানো হবে না। প্রয়োজনে হাতকড়া পরিয়ে তাঁকে ফিরিয়ে আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামি লিগের সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। অর্থনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়েও চাপে রয়েছে তারেক রহমানের সরকার। এই পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
‘দেশে ফিরলেই জেল’, শেখ হাসিনার ফেরার দিন ঘোষণার পরই হুঁশিয়ারি ঢাকার
হাসিনার দেশে ফেরার আগেই বাংলাদেশে ধরপাকড়! গ্রেফতার ছাত্রলিগ নেত্রী, জেলে ৫০০-র বেশি নেতা-কর্মী