Sachin Tendulkar: ৪৯ বছর আগের নিজের 'প্রথম ভালবাসা'কে আজও আগলে রেখে দিয়েছেন সচিন! | 13 Years After Retirement, Sachin Shares Photo With His First Bat Fans Get Emotional - 24 Ghanta Bangla News
Home

Sachin Tendulkar: ৪৯ বছর আগের নিজের ‘প্রথম ভালবাসা’কে আজও আগলে রেখে দিয়েছেন সচিন! | 13 Years After Retirement, Sachin Shares Photo With His First Bat Fans Get Emotional

Spread the love

 – সোমনাথ ব্যানার্জী

মুম্বই: ১৩ বছর আগের নভেম্বর ১৫-র কথা আজও মনে আছে অনেক ক্রিকেট সমর্থকের। গোটা দেশ যেন ‘সচিন তেন্ডুলকর’ নামক এক গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত। আচমকাই অবসর নিচ্ছেন ক্রিকেট ঈশ্বর। সচিনের সবচেযে কাছের বন্ধুও হয়ত আশা করেননি এমন কোনও সিদ্ধান্ত নিতে পারেন তিনি। কিন্তু সেই অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে আসে ১৫ নভেম্বর, ২০১৩। শেষ বারের মতো গোটা ভারতের সমর্থককূলকে কাঁদিয়ে প্যাভিলিয়নের দিকে অগ্রসর হন সচিন।

সেই ঘটনার ১৩ বছর পর একটি আবেগঘন মুহূর্তের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার। নিজের সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন সচিন। একটি ছবি আজ বিশ্ববিখ্যাত। ব্যাট হাতে দাঁড়িয়ে কোঁকড়ানো চুলের সচিন। তখন তার বয়স কত জানেন? মাত্র ৪। হাতে একটা ছোট্ট কাঠের ব্যাট, স্টান্স নিয়ে খালি গায়ে দাঁড়িয়ে ভবিষ্যতের ‘ভগবান’। পাশের ছবিটি বর্তমানের। বয়সের মধ্যে অনেক পার্থক্য থাকলেও দুটি ছবির মধ্যে মিল একটাই। সেই ব্যাট। ৪ বছর বয়সে ধরা সেই ব্যাট আজও সযত্নে রেখে দিয়েছেন সচিন। লিখেছেন, “প্রথম ব্যাট, যা ৪৯ বছর ধরেও আমার কাছে রয়েছে।”

কাকতালীয় ব্যাপার দেখুন, আজ ১৫ নভেম্বর ১৯৮৯ সালে, অর্থাৎ আজ থেকে ৩৭ বছর আগে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল সচিনের। আবার এই একই দিনে শেষবার ব্যাট হাতে ২২ গজ ছেড়েছিলেন তিনি। নিজের ঘরের মাঠে সেই বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। ক্যারিবিয়ানদের ১৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪৫২ রান। সচিনের একার স্কোর ৭৪। সেঞ্চুরি করেছিলেন চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা। তবে এমন সৌভাগ্য খুব কম ক্রিকেটারই পেয়েছেন, যেখানে দেশের জার্সিতে প্রথম ও শেষবার মাঠে নামার দিন এক। দুটো দিনের মধ্যে তফাৎ ২৪ বছরের। এই ২৪ বছরে সফলতার সিঁড়ি হোক বা ব্যর্থতার বিমান – সবেতেই পা রাখার সৌভাগ্য (নাকি দুর্ভাগ্য) হয়েছে সচিনের। ১৯৯তম টেস্ট পেয়েছিল কলকাতা, তাঁর প্রিয় ছোটবাবুর মাঠ। আর ২০০তম ম্যাচ ঘরের মাঠে পাওয়া নিয়ে কোনও সন্দেহই ছিল না। নিজের বায়োপিকে সচিন বলেছিলেন,“ক্রিকেট খেলা আমার কাছে মন্দির যাওয়ার সমতুল্য।” তাই, যে মানুষটি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটিকে আধ্যাত্মিক অংশ বলে মনে করেন, সেখানে ব্যাট তো তাঁর সবথেকে বড় আশীর্বাদ হিসেবে গণ্য হবেই। তাই যে ব্যাট ৪ বছর বয়সে ধরেছিলেন সচিন, সেই একই ব্যাট ৪৯ বছর পরেও খুঁজে নিয়েছে মাস্টার ব্লাস্টারের আঙ্গুল।

এই কাঠের তৈরি জিনিসটিই তো ১৯৮৯-২০১৩ অবধি বয়ে নিয়ে গিয়েছে গোটা ভারতের স্বপ্নকে। যে স্বপ্নে যেমন এসেছে লর্ডস, সিডনি, এমসিজি বা শারজা, তেমনই এসেছে কোনও এক ২০০৩ সালের জো’বার্গ। এই স্বপ্নেই মাঝে মাঝে চিন মিউজিক শুনিয়ে গিয়েছেন কোনও এক হ্যান্সি ক্রোনিয়ে বা আব্দুর রজ্জাক। আবার এই ব্যাটের দ্বারাই স্বপ্ন সফলও হয়েছে ভারতের, যার নাম বিশ্বকাপ। যে ট্রফি জয়ের পর তরুণ ‘বিরাট কোহলি’ অনায়াসে বলতে পারেন, “যিনি এত বছর দেশের কোটি কোটি মানুষের স্বপ্নকে নিজের কাঁধে বয়ে নিয়ে বেড়িয়েছেন, আজ তাঁকেই আমরা নিজেদের কাঁধে তুলে নিলাম।” সেই বিরাটও আজ কেরিয়ারের সায়াহ্নে। এখনও দেশের স্বপ্নকে ড্রাইভ করে নিয়ে চলেন বিরাট। তবে, সচিনের স্বপ্ন, অবসরের পর গোটা দেশের শোকে মুহ্যমান হয়ে থাকা, এই ম্যাজিক এই ২০২৬ সালে এসেও যে বিরল। নামটার তো ওজনই দুশো মন, সচিন রমেশ তেন্ডুলকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *