Nabanna: বদলে যাচ্ছে রং, আর নীল-সাদা নয়! হবে না গেরুয়াও? কোন রঙে সাজবে নবান্ন? | Nabanna Colour Change: West Bengal Secretariat to Replace Blue White With Yellow White Shades - 24 Ghanta Bangla News
Home

Nabanna: বদলে যাচ্ছে রং, আর নীল-সাদা নয়! হবে না গেরুয়াও? কোন রঙে সাজবে নবান্ন? | Nabanna Colour Change: West Bengal Secretariat to Replace Blue White With Yellow White Shades

Spread the love

কলকাতা: ফলকের রং আগেই বদলে হয়েছিল গেরুয়া। এবার নবান্নের (Nabanna) গায়ে পড়তে চলেছে নতুন রঙের প্রলেপ। নীল-সাদা রং আর থাকবে না। তবে, ঠিক গেরুয়া রঙও হবে না। নবান্ন সাজবে হলুদ-সাদা রঙের মিশ্রণে। যদিও নতুন রঙের এই শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, একাধিক স্তরে আলোচনার পর নবান্নের রং (Nabanna Colour Change) বদলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই শুরু হতে পারে সেই কাজ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ‘রং বদলের’ ছবি দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি ভবন, রাস্তার ধার থেকে উড়ালপুল, নীল-সাদার বদলে এখন হলুদ-সাদা রং লাগানো হচ্ছে। কোথাও আবার হচ্ছে গেরুয়া রং। নবান্নের লাগোয়া সভাঘরেও ধীরে ধীরে এই রঙের পরিবর্তন হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন।

কেমন হবে নবান্নের রং?

কেমন হবে নবান্নের নতুন রং? সূত্রের খবর, শুধুমাত্র হলুদ নয়, সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা ও গাঢ় হলুদের মিশ্রণ থাকবে। এই রঙের শেড অনেকটাই গেরুয়ার কাছাকাছি। কয়েক মাস আগেই নবান্নের ফলকে গেরুয়া রঙের ছোঁয়া দেখা গিয়েছিল। এবার গোটা ভবনের রূপ বদলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, নবান্নের সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছিল। সেই প্রক্রিয়াও চূড়ান্ত হয়েছে। নবান্নের পাশাপাশি উপান্ন ভবনের সংস্কার এবং দুই ভবনের ভিতরে-বাইরে মেরামতির কাজও হবে। সব মিলিয়ে এই প্রকল্পে কয়েক কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

মহাকরণে ফিরবে মূল দফতর?

এদিকে, নবান্নের রং বদলের পাশাপাশি সরকারের মূল দফতর সরানো নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে, আপাতত মহাকরণে ফিরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই খবর। হেরিটেজ মর্যাদাসম্পন্ন মহাকরণের সংস্কার করা হবে ঠিকই, কিন্তু সেখানে মন্ত্রিসভার বৈঠক বা বড়সড় সরকারি কর্মসূচি আয়োজনের মতো প্রয়োজনীয় পরিকাঠামো নেই। তাই এখনই নবান্ন ছেড়ে মহাকরণে ফিরছে না রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *