‘কোন জজ কোন দলের, লিস্ট দিন’: হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

‘কোন জজ কোন দলের, লিস্ট দিন’: হাইকোর্ট

Spread the love

এই সময়: বিচারপতিরা কি বিজেপির, নাকি তৃণমূলের? কোন বিচারপতি কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, সেই তালিকা আদালতে পেশ করুন— অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর আইনজীবীকে এমনই বেনজির ভাষায় ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নিরাপত্তা কমান‍ো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তও এ দিন আদালতের প্রশ্নের মুখে পড়েছে।

রাজ্যে পালাবদলের পরে যে ভাবে তাঁর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে, তা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। শীর্ষ আদালত সেই মামলা হাইকোর্টে পাঠিয়ে দ্রুত শুনানির পরামর্শ দেয়। এ দিন সেই শুনানিতেই অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ তোলেন রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যের ভিডিয়োও আদালতের সামনে তুলে ধরেন তিনি।

বিল্বদলের যুক্তি, ‘বিচার ব্যবস্থার একটি অংশ সরাসরি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক। বিচারপতিদেরও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু বিচারব্যবস্থা তার ঊর্ধ্বে।’ এক জন সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য আদালত অবমাননার সামিল এবং এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপেরও আর্জি জানান তিনি। অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শেষে এ দিন রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।

ঠিক কী বলেছিলেন অভিষেক?

সম্প্রতি ‘মমতা–তৃণমূলে’র এই সাংসদ বলেছিলেন, ‘বিজেপির তাণ্ডবলীলা, পুলিশের অপদার্থতা এবং হাইকোর্টের আশ্চর্য নীরবতার বিরুদ্ধে আমাদের লড়াই। আমার নিরাপত্তা সংক্রান্ত মামলা যাতে না–হয়, তারও চেষ্টা চলছে। বিজেপির তাণ্ডব চলছে, কারণ বিচার ব্যবস্থার কাছে মামলা পড়ে আছে। কোনও পদক্ষেপ করা হচ্ছে না, আদানি মামলা করলে এক দিনে হয়ে যাচ্ছে। আমার মামলায় তিন মাস ধরে কিছু হচ্ছে না। অনেক বিচারপতি সংবিধান রক্ষার চেষ্টা করছেন। কিন্তু এটা বলতে দ্বিধা নেই, একটা ক্লাস বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। এটা কী ধরনের জুডিশিয়ারি?’

এ দিন রাজ্যের কৌঁসুলির বক্তব্যের প্রেক্ষিতে অভিষেকের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য ও শোয়েব আলমের উদ্দেশে বিচারপতি রাও বলেন, ‘আপনার মক্কেলকে আগে বলুন, কোন বিচারপতিরা বিজেপির এবং কারা তৃণমূলের। তালিকা দিন। আপনার মক্কেল তো অত্যন্ত বুদ্ধিমান!’ বিচারপতিদের গায়ে রাজনৈতিক রং চাপিয়ে দেওয়ার এই বক্তব্যের ব্যাখ্যা চায় আদালত। বিচারপতির প্রশ্ন, ‘বিচারপতিদের নিরপেক্ষতা নিয়েই কি প্রশ্ন তুলছেন আপনার মক্কেল?’

জবাবে শোয়েব বলেন, ‘বিচার ব্যবস্থা ন্যায়বিচারের মন্দির। কিন্তু আমার মক্কেলের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবার রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে।’ আইনজীবীর দাবি, ২০১৩ থেকে জে়ড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক। নিরাপত্তা কমানোর পরে তাঁর উপরে ছ’বার হামলার ঘটনা ঘটেছে। দলীয় কার্যালয়ে পর্যন্ত হামলা হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এমনকী, এ দিনই সকাল সাড়ে ছ’টায় পুলিশ পিকেট সরানোর জন্য বুলডোজ়ার আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে।

বিচারপতি রাও বলেন, ‘এক জন সাধারণ মানুষ হলে আলাদা, কিন্তু তিনি (অভিষেক) তো সেটা নন। শিক্ষিত, সাংসদ তিনি। আপনার মক্কেল তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন পর্যন্ত করে দিচ্ছেন! আপনার (মক্কেলের) সমস্যা থাকতে পারে, কিন্তু এখানে সমাধান না–পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্টও আছে।’

আদালত অবশ্য শুধু রাজনৈতিক মন্তব্যের প্রশ্নেই আটকে থাকেনি। অভিষেকের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে কোর্ট। বিচারপতি রাও জানতে চান, কবে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল? বিল্বদল জানান, গাইডলাইন অনুযায়ী ছ’মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনা করা হয়। অভিষেক সেই পর্যালোচনার আওতায় রয়েছেন। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী কিংবা কোনও ব্যক্তির উপরে জঙ্গি হামলার নির্দিষ্ট আশঙ্কা থাকলে জে়ড প্লাস নিরাপত্তা দেওয়া হয় বলেও জানান তিনি। তখনই বিচারপতির পাল্টা প্রশ্ন, ‘(অভিষেককে) ক্রমাগত হুমকির অভিযোগ তো অস্বীকার করা যাচ্ছে না।

নিরাপত্তা বাড়ানোর আবেদন পাওয়ার পরেও কেন নতুন করে পর্যালোচনা করা হলো না?’ রাজ্যের উদ্দেশে তাঁর আরও প্রশ্ন, ‘ছ’মাস অন্তর পর্যালোচনার নিয়ম আছে মানেই কি তার আগে কোনও পরিস্থিতি পর্যালোচনা করা যাবে না? ছ’মাস অপেক্ষা করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা রয়েছে কি?’ অর্থাৎ, নির্ধারিত সময়সীমার বাইরে নতুন করে নিরাপত্তা পর্যালোচনার প্রয়োজনীয়তা ছিল কি না, তা নিয়েই রাজ্যের অবস্থান জানতে চায় আদালত।

কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীও বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ তোলেন। অভিষেকের আইনজীবীর দাবি, নিরাপত্তা পর্যালোচনা কমিটির বৈঠক করে তাঁর মক্কেলের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হোক।

আইনজ্ঞদের একাংশ বলছেন, শুনানিতে এক দিকে বিচারপতিদের রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে আদালত, অন্য দিকে জনপ্রতিনিধি হিসেবে প্রকাশ্যে বক্তব্য রাখার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার বার্তাও দিয়েছেন বিচারপতি রাও। তাঁর পর্যবেক্ষণ, ‘আদালত রয়েছে, একাধিক ফোরাম রয়েছে। ছুটির মধ্যেও বিচারপতিরা কাজ করেন। এক জন শিক্ষিত জনপ্রতিনিধির কোথায়, কী মন্তব্য করা উচিত, তা বোঝা প্রয়োজন। সব দিক বিবেচনা করেই রায় দেবে আদালত।’ আপাতত রায়দান স্থগিত করা হয়।

এ দিন আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি খবরে দেখেছি, মাননীয় বিচারপতি বলছেন, কে বিজেপি আর কে বিজেপি না, তার একটা তালিকা দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাস ১২ পাশ, সর্বজ্ঞানী! তিনি নিশ্চয়ই তালিকা দেবেন!’

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, ‘এটা সামন্ততান্ত্রিক মানসিকতার প্রতিফলন, যেখানে ভারতের সংবিধান এবং সংবিধান স্বীকৃত সব ব্যবস্থাকে পদদলিত করার অপচেষ্টা হয়েছে। সেটা বারবার শরীরী এবং মুখের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আদালত যা বলেছে, সেটা শুধু অভিষেকবাবুই নন, তাঁর মতো আরও যাঁরা আছেন, তাঁদের সবাইকে বার্তা দেওয়া। কেউ ভারতের বিচার ব্যবস্থাকে অপমান করতে পারে‍ন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *