জঙ্গি বুলেটে ঝাঁঝরা দুই অফিসারের দেহ
এই সময়: কুলগামের পরে কিশতওয়ার!
বুধবার কাশ্মীরের কুলগামে সিআরপিএফ-এর নাকা চেকপোস্টের উপরে হামলার পরে বৃহস্পতিবার কুলগাম লাগোয়া জম্মুর কিশতওয়ারে উদ্ধার হলো দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)–এর গুলিতে ঝাঁঝরা দেহ। বুধবার সেনাবাহিনীর সঙ্গে টহলদারিতে বেরিয়েছিলেন এসপিও বাবি চাঁদ (৫৭) এবং রাশপাল কুমার (৪৫)। কিশতওয়ারে চেনাব উপত্যকার সুউচ্চ, দুর্গম দাছান-মারওয়ারে ছোট ছোট দলে ভাগ করে প্যাট্রলিং চলাকালীন দু’জন নিখোঁজ হয়ে যান।
গোড়ায় কিছুক্ষণ তাঁদের মোবাইল ফোনের সিগন্যাল পাওয়া গেলেও, কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যায়। তার পরেই গুলির শব্দ ভেসে আসে পাহাড়ের জঙ্গল ভেদ করে। রাতভর তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে তাঁদের দেহ মিলেছে। মেলেনি দু’জনেরই সার্ভিস রাইফেল এবং রিভলভার। একটি সূত্রের দাবি, ওই এলাকায় জঙ্গিদের ঘাপটি মেরে থাকার খবর পেয়েই প্যাট্রলিং শুরু হয়েছিল। মনে করা হচ্ছে, ওই দুর্গম এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা আড়াল থেকে গুলি চালায় টহলরত দুই এসপিও–কে দেখে। সেই গুলির শব্দই শুনেছিলেন প্যাট্রলিং পার্টির বাকি সদস্যরা। দেহ দু’টি উদ্ধারের পরে আরও বেশি সংখ্যক সেনা জওয়ান ও পুলিশ পাঠিয়ে গোটা এলাকায় শুরু হয়েছে কর্ডন অ্যান্ড সার্চ (ক্যাসো) অপারেশন।
এ দিন ক্যাসো চলেছে কুলগামেও। কেন্দ্রীয় বাহিনী সূত্রের দাবি, বুধবার যেখানে হামলা চলেছিল, সেখান থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে, দ্রুত এলাকা ছেড়ে পালানোর সময়ে জঙ্গিদের হাত থেকেই পড়ে গিয়েছিল সেটি৷ ফোনটি পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষার জন্য।
এরই মধ্যে একটি নতুন তথ্য ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের দাবি, হামলার দিন দুয়েক আগে মির বাজ়ারের কাছে কুলগামের আখরানের ওই সিআরপিএফ-এর চেকপোস্টে গিয়ে জওয়ানদের হুমকি দিয়ে এসেছিল এক কিশোর। জানা গিয়েছে, সটান জওয়ানদের সামনে গিয়ে সে বলেছিল, ‘হম তুমহে ছোড়েঙ্গে নেহি।’ অর্থাৎ, ‘তোমাদের আমরা ছাড়ব না।’ সূত্রের দাবি, কিশোরের সেই কথায় আমল দেননি জওয়ানরা। এই হুমকির ঠিক পরেই হামলা চলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই কিশোর স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। এই হুমকি নেহাতই কাকতালীয় না এর সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে — তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বুধবার আহত অবস্থাতেই সিআরপিএফ-এর তিন জওয়ান পাল্টা গুলি চালাতে শুরু করেন জঙ্গিদের দিকে। তাতেই রণে ভঙ্গ দিয়ে পালায় মোটবাইকে আসা তিন জঙ্গি। যদিও একটি সূত্রের বক্তব্য, পায়ে হেঁটে এসে এক জঙ্গি একে-৪৭ থেকে বেলাগাম গুলি ছুড়তে শুরু করে। ওই সূত্রেরই দাবি, প্রায় ১০০ ফুট দূর থেকে গুলি ছুড়তে ছুড়তে নাকা চেকপোস্টের দিকে এগিয়েছিল সেই জঙ্গি।
তবে পালানোর সময়ে সে একটি মোটরবাইকে করে চলে যায়, যেটি কাছাকাছি কোথাও স্টার্ট দিয়ে দাঁড়িয়েছিল আরও অন্তত দু’জন। আহত অবস্থাতেই তিন জওয়ান শান্তনু চন্দ্র, রাকেশ দাস এবং সোমবীর সিং পাল্টা ফায়ারিং শুরু করলে ওই মোটরবাইকটি সংঘর্ষস্থলে অত্যন্ত দ্রুতগতিতে এসে হামলাকারীকে নিয়ে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের দিকে চলে যায়।
গোয়েন্দা সূত্রের দাবি, হামলার কয়েক সপ্তাহ আগে কুলগামে সন্দেহভাজন জঙ্গি মুভমেন্ট সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা-আধাসেনাকে। সেই ইনপুটের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। সমান্তরাল ভাবে বাড়ানো হয় একাধিক রুটে প্যাট্রলিংও। এক গোয়েন্দা অফিসারের দাবি, ‘এই প্রস্তুতির ফলেই বড় ধরনের হামলা রুখে দেওয়া গিয়েছে। এই চেকপোস্টে হামলা হলো জঙ্গিদের হতাশা। ওরা বড় পরিকল্পনা করেও ব্যর্থ হয়ে এই হামলা চালিয়েছে।’ নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা অফিসাররা অবশ্য এক বাক্যে মেনে নিচ্ছেন, চেকপোস্টে মোতায়েন জওয়ানরা সঙ্গে সঙ্গে পাল্টা গুলি না চালালে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা ছিল।
এ দিকে ‘পাসদারান-এ-হুরিয়ত কাশ্মীর’ নামে একটি সংগঠনের দাবি, কুলগামে হামলা চালিয়েছে তারাই। এর আগে উপত্যকায় এই সংগঠনের নাম শোনাই যায়নি। বুধবার সন্ধে ছ’টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় তারা একটি বিবৃতি দিলে বৃহস্পতিবার সেটি ভাইরাল হয়। বিবৃতিতে নিজেকে সংগঠনের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে মহম্মদ ওমর আজ়ান নামে এক ব্যক্তির দাবি, ‘এই হামলার দায় আমরা নিচ্ছি। ভারতের শাসনে থাকা হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরে শান্তি রয়েছে বলে যে পর্দা ফেলার চেষ্টা করছে, তা ফালাফালা করে দেবে মুজাহিদিনরা।’
‘ইয়ালগার মিডিয়া’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই বিবৃতি পোস্ট করা হয়। তবে তার আগে ওই অ্যাকাউন্টের আগের সব পোস্ট মুছে ফেলা হয় বলে গোয়েন্দারা জেনেছেন। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ নেওয়া এই অ্যাকাউন্টের একটি স্ক্রিনশটও গোয়েন্দাদের হাতে এসেছে বলে খবর। তাতে অ্যাকাউন্টের লোকেশন দেখা গিয়েছে পাকিস্তান। তবে লস্কর-ই-তৈবা এবং তার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’(টিআরএফ)-এর ভূমিকা থাকার সম্ভাবনা কোনও অবস্থাতেই বাদ দিচ্ছেন না গোয়েন্দারা। স্থানীয় লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাটের সন্ধানে চিরুনি তল্লাশি চলছে কুলগাম, অনন্তনাগের মতো একাধিক এলাকায়।
হামলা নিয়ে এ দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষস্তরের সঙ্গে বৈঠক করেছেন সিআরপিএফ-এর কর্তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র আধিকারিকরা। কুলগাম এবং কিশতওয়ার — দুই ঘটনার তদন্তভারই এনআইএ-র হাতে তুলে দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদের দাবি, এখনও উপত্যকার বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে ৬০-৭০ জন পাক মদতপুষ্ট জঙ্গি৷ তাঁর কথায়, ‘কিশতওয়ারের দুর্গম এলাকাগুলোয় মূলত ওদের আনাগোনা। ওই এলাকাতেই বৃহস্পতিবার ওই দুই এসপিও-র দেহ মিলেছে। গুলিতে ঝাঁঝরা দেহ, দু’জনেরই অস্ত্র উধাও — এগুলো থেকে কোনও সন্দেহ নেই এই হত্যা জঙ্গিদেরই কাজ।’