প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সোনিয়া, কোথায় সমাধিস্থ করা হয়েছিল সদ্যোজাতকে? - 24 Ghanta Bangla News
Home

প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সোনিয়া, কোথায় সমাধিস্থ করা হয়েছিল সদ্যোজাতকে?

Spread the love


১৯৬৯ সালের জানুয়ারি। প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। নতুন অতিথিকে ঘিরে শুরু হয়েছিল নানা প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।…

১৯৬৯ সালের জানুয়ারি। প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছিলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। নতুন অতিথিকে ঘিরে শুরু হয়েছিল নানা প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁদের সদ্যোজাত পুত্রসন্তানের। জীবনের সেই গভীর শোক, সন্তানের শেষকৃত্য নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং একটি সংবাদপত্রের নিষ্ঠুর মন্তব্যের কথা এবার প্রকাশ্যে আনলেন সোনিয়া গান্ধী।

মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী Belonging: A Journey of Love-এ জীবনের এই ব্যক্তিগত অধ্যায়ের কথা তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী। বইয়ে তিনি জানিয়েছেন, প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণা তাঁকে দীর্ঘদিন তাড়া করে বেড়িয়েছিল।

১৯৬৮ সালের সেপ্টেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন সোনিয়া ও রাজীব। খুশি হয়েছিলেন শাশুড়ি ইন্দিরা গান্ধীও। নাতি-নাতনির আগমনের অপেক্ষায় শুরু হয়েছিল প্রস্তুতি। সোনিয়ার খাওয়াদাওয়া, শরীরচর্চা থেকে শুরু করে শিশুর পোশাক তৈরির বিষয়েও নজর রাখতেন ইন্দিরা। তবে শাশুড়ির দেওয়া খাদ্যতালিকা মেনে চলতে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না সোনিয়া। বিশেষ করে পালং শাক খাওয়া এবং প্রতিদিন দু’গ্লাস দুধ পান করা তাঁর কাছে ছিল বেশ কঠিন।

সব কিছু ঠিকঠাক চললেও গর্ভাবস্থার সপ্তম মাসে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। শুরু হয় পেটে ব্যথা। চিকিৎসকের পরামর্শেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।

১৯৬৯ সালের ১৮ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া। স্বাভাবিক প্রসব হয়েছিল। সদ্যোজাতের প্রথম কান্নাও শুনেছিলেন তিনি। পরে রাজীব তাঁকে ছেলের কাছে নিয়ে যান। শিশুটির ঘন কালো চুল এবং লম্বা আঙুলের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সোনিয়া। কিন্তু চিকিৎসকেরা আগেই রাজীবকে জানিয়ে দিয়েছিলেন, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। পরদিন সকাল সাড়ে ৬টায় মৃত্যু হয় তার।

সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছিলেন দু’জনেই। খবর পেয়েই সফর অসমাপ্ত রেখে ফিরে আসেন ইন্দিরা গান্ধী। রাত সাড়ে ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছে ছেলে ও পুত্রবধূকে জড়িয়ে ধরেন তিনি। সঞ্জয় গান্ধীও হাসপাতালে এসে তাঁদের পাশে দাঁড়ান।

সন্তানের শেষকৃত্য নিয়ে তৈরি হয় জটিলতা

শিশুটির মৃত্যুর পর তার শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়ে সমস্যায় পড়েন রাজীব ও সোনিয়া। হিন্দু রীতি অনুযায়ী সদ্যোজাতকে সাধারণত দাহ না করে নদীতে সমর্পণ করার প্রথা রয়েছে। অন্যদিকে, খ্রিস্টান বা পার্সি সমাধিক্ষেত্রে তাকে সমাধিস্থ করার বিষয়টিও সহজ ছিল না।

কিন্তু নদীতে শিশুর দেহ ভাসিয়ে দিতে রাজি হননি সোনিয়া। শেষ পর্যন্ত মেহরৌলিতে গান্ধী পরিবারের একটি খামারবাড়িতে তাকে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেন রাজীব ও সঞ্জয়। বাড়ির সীমানার কাছে গোলাপি বোগেনভিলিয়া গাছের নীচে গভীর করে কবর খোঁড়া হয়। পরবর্তী সময়ে সেখানে গেলেই ফুল রেখে আসতেন রাজীব ও সোনিয়া।

‘জারজ সন্তান’ মন্তব্যে আরও গভীর হয় ক্ষত

সন্তান হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন সোনিয়া। নিজের ভুলেই কি এমন ঘটনা ঘটল, তা নিয়েও মনে অপরাধবোধ তৈরি হয়েছিল তাঁর। এর মধ্যেই একটি দক্ষিণপন্থী বিরোধী সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তাঁকে আরও আঘাত করে। সেখানে লেখা হয়েছিল, ‘ইন্দিরা গান্ধী এক জারজ সন্তানের দিদিমা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।’

কথাগুলি পড়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সোনিয়া। রাজীব তাঁকে সান্ত্বনা দিয়ে জানান, তাঁদের পরিবারকে নিয়ে এমন বিদ্বেষমূলক খবর নতুন নয়।

পরবর্তীতে তেজি বচ্চন তাঁদের একটি পোষ্য কুকুর উপহার দেন। রেশমা নামের সেই কুকুরের দেখাশোনায় কিছুটা হলেও শোক ভুলতে পেরেছিলেন সোনিয়া। একই বছরের অক্টোবরে ফের অন্তঃসত্ত্বা হন তিনি। এবার দীর্ঘ আট মাস তাঁকে বিছানায় বিশ্রামে থাকতে হয়েছিল। অবশেষে ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় তাঁদের দ্বিতীয় সন্তান রাহুল গান্ধীর।

অস্ট্রেলিয়ায় ৮৫০ কর্মী ছাঁটাই কান্তাসের! অধিকাংশ কাজ সরছে ভারতে

ভারত থেকে ফিরেই পাকিস্তান সফর! বাংলাদেশের গোয়েন্দাপ্রধানকে ঘিরে জল্পনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *