Md Shami Retirement: ১৩ বছরের সফরের ইতি, টেস্ট থেকে অবসর মহম্মদ শামির | Mohammed Shami Announces Test Retirement, To Continue White Ball & IPL
কলকাতা: বেশ কয়েক বছর ধরেই সুযোগ পাচ্ছিলেন না তিনি। রঞ্জি, দলীপে ভাল খেললেও সুযোগ দেওয়া হচ্ছিল না তাঁকে। প্রায় অভিমানেই কি তাহলে অবসর নিলেন মহম্মদ শামি? ১৩ বছরের টেস্ট কেরিয়ারকে বিদায় জানালেন উত্তরপ্রদেশের এই ভারতীয় পেসার। গতকাল, শুক্রবার রাতে সোশাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেই অবসরের কথা বলেন শামি।
২০১৩ সালের ৬ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কলকাতাতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ – দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। এরপর থেকেই ভারতের এক নির্ভরযোগ্য বোলার হয়ে ওঠেন তিনি। একই সঙ্গে বাংলার হয়ে খেলতে থাকেন রঞ্জিও। ৬৪ টেস্ট ম্যাচে ২২৯টি উইকেটও রয়েছে তাঁর। কিন্তু ২০২৩ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকেই আর দলে জায়গা পাচ্ছিলেন না। অনেকেই অনুমান করছেন, এই ‘বঞ্চনা’র সঙ্গে যুঝতে না পেরেই অবসর গ্রহণ করলেন তিনি।
সোশাল মিডিয়ায় তিনি বলেছেন,“আমি আজ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলা, খুব একটা সহজ ছিল না। মা-বাবা, পরিবার, বন্ধু – সবাই সাপোর্ট করেছে। প্রচুর পরিশ্রম করেছি। আজ আমার অভিষেকের ১৩ বছর হল। সমর্থকদের জন্যও ধন্যবাদ। এই ১৩ বছরের সফরকে আজ বিদায় জানাতে হচ্ছে। সবাই ভাল থাকবেন। বিসিসিআই ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ ও শুভেচ্ছা।”
একই সঙ্গে যদিও বা তিনি জানিয়েছেন, লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেটে খেলবেন শামি। খেলবেন আইপিএলও। কিন্তু এর পাশাপাশি একটি প্রশ্ন উঠছে, তাহলে কি আর বাংলার হয়ে রঞ্জিও খেলবেন না শামি? এই রঞ্জি মরসুমেও ভাল ফর্মে আছেন তিনি। তবে শামির অবসরে এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, বলাই যায়।