লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি টাকা দাবি! হুমকি ফোন পেলেন তুষার কাপুর - 24 Ghanta Bangla News
Home

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি টাকা দাবি! হুমকি ফোন পেলেন তুষার কাপুর

Spread the love


মুম্বই: বলিউডে ফের আতঙ্কের আবহ। অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তের মধ্যেই এবার হুমকির ফোন পেলেন অভিনেতা তুষার কাপুর। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের…

মুম্বই: বলিউডে ফের আতঙ্কের আবহ। অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তের মধ্যেই এবার হুমকির ফোন পেলেন অভিনেতা তুষার কাপুর। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে তাঁকে ফোন করে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে তদন্তে নেমে ফোনের অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বরের সঙ্গে গ্যাং সদস্য হ্যারি বক্সারের গলার স্বরের মিল পায়নি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ফলে কেউ হ্যারি বক্সারের পরিচয় ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, ফোনে নিজেকে হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিল এক ব্যক্তি। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলেও দাবি করে। এরপরই তুষার কাপুরের কাছে ৫ কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যান্টি-এক্সটরশন সেল এবং ক্রাইম ব্রাঞ্চকে। হুমকি ফোনের অডিয়ো রেকর্ডিং সংগ্রহ করে তা পরীক্ষা করেন তদন্তকারীরা। পুলিশের কাছে থাকা হ্যারি বক্সারের পুরনো কণ্ঠস্বরের রেকর্ডিংয়ের সঙ্গে নতুন অডিয়োর তুলনা করা হয়।

সেই পরীক্ষায় দুই কণ্ঠস্বরের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ফলে হুমকি দেওয়ার পিছনে অন্য কারও হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যে ব্যক্তি অডিয়ো বার্তা পাঠিয়েছে, তার পরিচয় জানার চেষ্টা চলছে।

কে এই হ্যারি বক্সার?

হরিচাঁদ ওরফে হ্যারি বক্সার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচিত। রাজস্থানের বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে সে কানাডা থেকে কাজ চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে অভিনেতা রণবীর সিংয়ের ম্যানেজারের কাছেও হুমকি পৌঁছেছিল বলে খবর। সেই ঘটনায় ২০ কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে হ্যারি বক্সারের বিরুদ্ধে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক নম্বর থেকে রণবীরের ম্যানেজার বিজয় সুব্রহ্মণ্যমের কাছে একাধিক ফোন ও অডিয়ো বার্তা পাঠানো হয়েছিল বলে জানা যায়।

পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেও খবরের শিরোনামে এসেছিল হ্যারি বক্সার।

অন্যদিকে, টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম সামনে আসে। ওই হামলার দায় গ্যাংটি স্বীকার করেছিল বলে খবর। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যেই তুষার কাপুরকে ঘিরে নতুন হুমকির অভিযোগে বলিউডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’ কবে মুক্তি পাবে? বড় ঘোষণা স্বয়ং মহারাজের

টাইগার শ্রফ ফাইরিং কেস: সুরাট থেকে উদ্ধার জিগানা পিস্তল এবং দেশি আগ্নেয়াস্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *