Anuj Thakur: ঘুমন্ত অবস্থাতেই খিঁচুনি! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত টেলি অভিনেতা অনুজ ঠাকুর | Tv actor anuj thakur dies at 33 seizure during sleep - 24 Ghanta Bangla News
Home

Anuj Thakur: ঘুমন্ত অবস্থাতেই খিঁচুনি! মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত টেলি অভিনেতা অনুজ ঠাকুর | Tv actor anuj thakur dies at 33 seizure during sleep

Spread the love

বিনোদন জগতে ফের নেমে এল এক ঘন কালো ছায়া। আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত গোটা টেলিভিশন জগত। শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহকর্মী এবং অগণিত অনুরাগীর মনে।

জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা সহকর্মী রূপেশ সোনার প্রথম তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। রূপেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর মাত্র দিন দশেক আগেও অনুজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন অভিনেতা। এমনকী, কিছুদিন পর্দা থেকে দূরে থাকার পর ফের অভিনয়ে কামব্যাক করার জোরালো পরিকল্পনাও করছিলেন তিনি। কিন্তু তার আগেই এল এই অঘটন।

পরিবার সূত্রে খবর, অত্যন্ত নিয়মনিষ্ঠ জীবনযাপন করতেন অনুজ। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীরচর্চা আর জগিং ছিল তাঁর দৈনন্দিন রুটিনের অঙ্গ। ঘটনার দিন অর্থাৎ ২৭ অক্টোবর সকালেও যথারীতি তাঁর অ্যালার্ম বেজে উঠেছিল। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও ছেলের সাড়া না মেলায় তাঁর মা ডাকতে যান। তখনই তিনি বুঝতে পারেন, সব শেষ! চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ঘুমের মধ্যেই খিঁচুনি ওঠার কারণে এই মর্মান্তিক পরিণতি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন অনুজ। ২০০৮ সালে জনপ্রিয় টিন ড্রামা ‘ধুম মচাও ধুম’ ধারাবাহিকের মাধ্যমেই মূলত দর্শকমহলের নজরে আসেন তিনি। এরপর একে একে ‘বন্ধন সাত জন্মনো কা’, ‘বিন্দ বনুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং জনপ্রিয় কমেডি-ড্রামা ‘মহিসাগর’-এর মতো শোয়ে অভিনয় করে প্রশংস কুড়ান। বিশেষ করে ‘মহিসাগর’ ধারাবাহিকে সাগর মেহতার চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। আকস্মিক এই প্রয়াণে এক প্রতিভাবান তরুণ অভিনেতাকে হারাল ভারতীয় টেলিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *