মালদায় STF-এর অভিযান, উদ্ধার ৩ কোটি টাকার ব্রাউন সুগার, বাজেয়াপ্ত গাড়ি
প্রায় তিন কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। শনিবার মালদার কালিয়াচকের ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকার ঘটনা। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন STF আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের খবর আগে থেকেই ছিল STF-এর কাছে। সেই অনুযায়ী এ দিন দুপুরে মধুঘাটে টহলদারি শুরু করেন তদন্তকারীরা। সেই সময়েই একটি চার চাকা গাড়িটি যাচ্ছিল। সন্দেহ হওয়ায় সেটি আটক করে শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় পরিমাণ ব্রাউন সুগার।
তার পরেই মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭) নামে তিন যুবককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, তিন জনই কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকার বাসিন্দা।
কোথা থেকে ওই মাদক আনা হচ্ছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।
ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কালিয়াচক এলাকায় পর পর বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ফের মাদক পাচারচক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই চক্রের নেটওয়ার্কের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।