বৈশালী ডালমিয়ার সঙ্গে প্রতারণার অভিযোগ, ধৃত ১
গত ১৫ জুন অভিযোগ দায়ের করেন বৈশালী। তিনি জানান, বেহালার বিএল সাহা রোডের একটি সম্পত্তির মিউটেশন এবং বকেয়া সম্পত্তি কর মেটানোর জন্যে প্রণব কয়াল নামে এক ব্যক্তি এবং তাঁর সহযোগীরা যোগাযোগ করেছিলেন। নিজেদের কলকাতা পুরসভার আধিকারিক ও কর্মী হিসেবে পরিচয় দিয়ে তাঁরা বৈশালীর থেকে পুরকর ও মিউটেশন ফি বাবদ মোট ৪,৩০,০০০ টাকা হাতিয়ে নেন। বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রতারকরা বৈশালীকে সরকারি ওয়েবসাইটের ভুয়ো ই-চালান এবং জাল নথিপত্র দিয়েছিলেন। নথিপত্র দেখে প্রথম দিকে সন্দেহ না হলেও পরে ট্যাক্স ও ফি জমার রসিদে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এর পরেই প্রাক্তন বিধায়ক সরাসরি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসে গিয়ে সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। দপ্তরের অনুসন্ধানে উঠে আসে প্রতারণার বিষয়টি। জানা যায়, পুরসভার তহবিলে ৪ লক্ষ ৩০ হাজার টাকার পরিবর্তে অভিযুক্ত প্রণব কয়াল মাত্র ১০০ টাকা জমা করেছেন! বাকি পুরো টাকা জালিয়াতি করে আত্মসাৎ করা হয়েছে।