Higher Secondary: জমা পড়েছে শিক্ষকদেরই বহু অভিযোগ! এবার উচ্চ মাধ্যমিকে উঠে যাচ্ছে সেমেস্টার প্রথা? বড় সিদ্ধান্তের পথে রাজ্য | Higher Secondary Exams: Bengal Government Plans to Scrap Semester System, Old Pattern May Return
কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) এবার বাতিল হচ্ছে সেমেস্টার (Semester) প্রথা? ফিরতে চলেছে পুরনো নিয়ম? উচ্চ মাধ্যমিকে এবার বড় পরিবর্তন আনার পথে রাজ্য সরকার। বিগত সরকারের আমল থেকে গত দুই বছর ধরে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু রয়েছে। এবার তা বাতিল করা হতে পারে। সূত্রের খবর, পরীক্ষা ব্যবস্থায় পুরনো নিয়মই ফিরিয়ে আনতে চাইছে বর্তমান শিক্ষা দফতর। আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। তবে, সব ঠিক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকে (Higher Secondary Semester) চালু হতে পারে পুরনো নিয়ম।
তৃণমূলের আমলে সেমেস্টার পদ্ধতি
উল্লেখ্য, বিগত সরকারের আমলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছিল। চালু হয়েছিল সেমেস্টার ব্যবস্থা। সেই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি পরীক্ষায় বসতে হত পড়ুয়াদের। তবে, রাজ্যে পালাবদল ঘটেছে। বিভিন্ন ক্ষেত্রে পুরনো একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে। উচ্চ মাধ্যমিকেও পরিবর্তন আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে। নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই পদ্ধতি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, সেমেস্টার পদ্ধতি বাতিল করে পুরনো নিয়মে ফেরার বিষয়ে প্রায় সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে শিক্ষা দফতর।
সেক্ষেত্রে পুরনো নিয়ম ফিরিয়ে আনলে দ্বাদশ শ্রেণিতে চারটি সেমেস্টারের পরিবর্তে একটিই চূড়ান্ত পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। প্রথমে প্রি-টেস্ট, টেস্ট এবং তারপর চূড়ান্ত বোর্ডের পরীক্ষা। শিক্ষামন্ত্রীও ইতিমধ্যে সেমেস্টার পদ্ধতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকেই পুরনো পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো হচ্ছে।
কী বলছেন শিক্ষামন্ত্রী?
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ বলেন, “অনেক মাস্টারমশাই আমাদের বলেছেন যে সেমেস্টার সিস্টেমে ছাত্ররা যথাযথ উপকৃত হচ্ছে না। একটা বড় অংশের ধারণা এটাই। আমার ব্যক্তিগত ধারণা একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে পর্যালোচনার পর্যায়ে রাখছি।” তবে কবে থেকে এবং ঠিক কী নিয়মে এই পরিবর্তন কার্যকর হবে, সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।