WPL: আরও বড় হচ্ছে WPL, ঘরোয়া মহিলা ক্রিকেটারদের জন্য সুখবর দিলেন দেবজিৎ সাইকিয়া | WPL May Expand: BCCI Secretary Devajit Saikia Says More Teams Likely From Next Year
নয়াদিল্লি: মহিলাদের প্রিমিয়ার লিগে (WPL) এবার বাড়তে পারে দলের সংখ্যা। বর্তমানে ৫টি দল নিয়ে হয় এই প্রতিযোগিতা। আগামী বছর থেকে এই বিষয়ে আলোচনা শুরু করতে পারে বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, প্রতিযোগিতাকে আরও বড় করতে ও উন্নতির জন্য নতুন প্ল্যান নিয়ে ভাবনাচিন্তা করা হবে।
বুধবার নিলামের সময় WPL এর সরকারি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকীয়া জানিয়েছেন, আগামী বছর থেকে লীগের উন্নতি নিয়ে আলোচনা করা দরকার। তবে দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতার অন্য দিকও খতিয়ে দেখা হবে। শুধু ক্রিকেটার নয়, কোচ, নির্বাচক ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত অন্য ব্যক্তিদের নিয়েও ভাবা হবে। অর্থাৎ, WPL কে আরও উন্নত করতে পুরো ব্যবস্থাটিই পর্যালোচনা করতে চায় বোর্ড। তবে কবে থেকে নতুন দল খেলবে, তা বলা হয়নি। দেবজিৎ সাইকিয়ার মতে, গত ৪ বছরে WPL অনেকটাই এগিয়েছে। মহিলাদের ক্রিকেটে এই প্রতিযোগিতা বেশ জনপ্রিয়ও হয়েছে। এর মাধ্যমে দেশের ক্রিকেটাররা বিদেশের সেরা ক্রিকেটারদের সঙ্গে একমঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন। এর সঙ্গে, অনেক অখ্যাত ক্রিকেটারও নিজেদের প্রতিভার প্রদর্শন করতে পারছেন।
WPL এ দলের সংখ্যা বাড়লে ঘরোয়া ক্রিকেটারদের সামনে আরও সুযোগ তৈরি হতে পারে। নতুন দল যোগ হলে আরও অনেক ক্রিকেটার চুক্তিভুক্ত হবেন। তবে নতুন দল যোগ করার আগে প্রতিযোগিতার কাঠামো, আর্থিক দিক, পরিকাঠামো – সব নিয়ে ভাবতে হবে BCCI-কে। এই মুহূর্তে ৫ দল নিয়ে খেলা হচ্ছে WPL। আগামী দিনে দল বাড়ানোর বিষয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।