Bigg Boss Bangla: ‘ভালবাসার অ্যাকটিং করবে না!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর প্রেমে কি ফাটল ধরল? | Rajveer De and Nandini Dutta’s Relationship Hits a Rough Patch in Bigg Boss Bangla
‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) মানেই বিনোদনের ফুলডোজ! প্রেম, ঝগড়া আর অভিমানের এমন ককটেল আর কোথায় পাওয়া যাবে? সম্প্রতি এই শোয়ের একটি পর্বে তুমুল ঝামেলা বেঁধে গেল রাজবীর দে এবং নন্দিনী দত্তর মধ্যে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, তবে কি এই জুটির সম্পর্কে পাকাপাকি ভাবে চিড় ধরল?
কী ঘটেছে বিগ বসের ঘরে?
লাক্সারি বাজেট টাস্কের খেলায় স্টার দেওয়া নিয়ে গণ্ডগোল শুরু হয়। একদিকে রাজবীর দে, অন্যদিকে নিরঞ্জন মণ্ডল। রাজবীর সাফ জানিয়ে দেন, তিনি নিরঞ্জনকে একেবারেই বিশ্বাস করেন না। তাই স্টার দেবেন না। পাল্টা নিরঞ্জনও একই কথা বলেন। ঠিক এই সময়েই দুজনের মাঝে ঢুকে পড়েন নন্দিনী দত্ত। আর ব্যস, রাগের আগুন গিয়ে পড়ে তাঁর উপরেই!
নন্দিনী কিছু একটা বলতেই রাজবীর বেশ ঝাঁঝিয়ে ওঠেন। মেজাজ হারিয়ে ফেলা রাজবীরকে থামতে বলেন নন্দিনী। বলেন, “এভাবে কথা বলবে না।” কিন্তু রাজবীর তো তখন রেগে আগুন! তিনি সটান বলে দেন, “আমি এভাবেই কথা বলব। আমাকে তাহলে জিজ্ঞেস করবে না।” নন্দিনীও কম যান না! তিনি উত্তর দেন, “জিজ্ঞেস করছি না। চলে যাও।”
নিরঞ্জনের সঙ্গে নন্দিনীর কথা বলাটা মোটেই ভালো চোখে দেখেননি রাজবীর। রাগের মাথায় তিনি নন্দিনীকে শুনিয়ে দেন, “তুমি আগে ঠিক করো কার সঙ্গে খেলতে চাইছ। আমার বিরোধীদের সঙ্গে খেলতে চাইলে খেল। সবসময় আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করো, আমার বিরুদ্ধে যাও। তোমার আসল রূপটা এবার বেরোচ্ছে।” এরপরই সেই মোক্ষম সংলাপ! রাজবীর বলেন, “বোঝা যায় কে কাকে ভালবাসে, তাই ভালবাসার অ্যাকটিং করবে না।”
তবে বিগ বসের ঘরে যেমন মেঘ জমে, তেমনই রোদ ওঠে। অন্যান্যবারের মতোই তাঁদের এই তুমুল ঝগড়াও ম্যাজিকের মতো মিটে যায়। আবার একসঙ্গে খেলা শুরু করেন তাঁরা। প্রসঙ্গত, এই লাক্সারি বাজেট টাস্ক জিতে নিয়েছে সৃজলার দল।
সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় গত ৩০ আগস্ট শুরু হয়েছে এই শো। ইতিমধ্যেই বেশ কিছু চমক দেখা গিয়েছে। প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে আসেন রাজবীর দে। এরপর দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন জীতু কমল। মাঝে অনুষ্কা ঘোষেরও এন্ট্রি হয়, তবে ২ সপ্তাহতেই বাদ পড়েন তিনি। সম্প্রতি আরও দুই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন সৌরভ দাস ও রণিতা দাস।