Amit Sana: কোন কারচুপিতে ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় হতে হয়েছিল? কেন গিয়েছিলেন হারিয়ে? অবশেষে সবটা বললেন অমিত সানা | Amit sana return indian idol legends return bollywood fake culture
রিয়্যালিটি শো-এর সোনালী পাতা উল্টে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় গায়ক অমিত সানা (Amit Sana)। ২০০৪ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম মরসুমের সেই রানার-আপ গায়ককে এবার দেখা যাবে নতুন সংস্করণ ‘লেজেন্ডস রিটার্ন’ (Legends Return)-এ। বিচারকের আসনে হিমেশ রেশমিয়া এবং পুরনো দিনের প্রতিযোগীদের এই মহাযুদ্ধ ইতিমধ্যেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। একসময় ইন্ডাস্ট্রিকে ‘ভুয়ো’ বলা, এবং ইন্ডিয়ান আইডলে ভোটের লাইনে কারচুপির অভিযোগ তুলে দূরে সরে যাওয়া— সব বিতর্ক পেছনে ফেলে প্রায় দুই দশক পর কোন পরিস্থিতির টানে আবারও চেনা মঞ্চে ফিরলেন অমিত? সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত চাপা ক্ষোভ ও স্মৃতির বরফ গলালেন গায়ক।
দীর্ঘ ২২ বছর পর প্রথম সিজনের চেনা মঞ্চে ফেরা নিয়ে উচ্ছ্বসিত অমিত। তাঁর কথায়, অনুরাগীদের দীর্ঘদিনের দাবি এবং নিজের পুরনো স্মৃতির টানেই এই শো-তে রাজি হয়েছেন তিনি। গায়ক জানান, “আমার অনুরাগীরা বরাবরই চাইতেন আমাকে পর্দায় দেখতে। এই শো আমাকে গায়ক ও পারফর্মার হিসেবে অনেক কিছু দিয়েছে। এর চেয়ে সুন্দর কামব্যাকের সুযোগ আর হতে পারত না।”
নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতায় নামার চেয়েও পুরনো সেই মনমাতানো ফরম্যাটের আবেগ কুড়োতেই এই ফেরা বলে দাবি করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে গায়কদের মানসিকতা, ক্যামেরার সামনে সাবলীলতা এবং চাপ সামলানোর কায়দায় যে আমূল পরিবর্তন এসেছে, তা এদিনের কথায় স্পষ্ট করে দেন অমিত। তাঁর মতে, আগের তুলনায় বর্তমান রিয়্যালিটি শো-গুলি অনেক বেশি পেশাদার এবং প্রতিযোগিতাপূর্ণ, যেখানে সোশ্যাল মিডিয়ার দৌড়ে টিকে থাকার লড়াইও কঠিন।
অতীতে বলিউড ইন্ডাস্ট্রিকে ‘ভুয়ো’ এবং ভণ্ড বলে কটাক্ষ করেছিলেন অমিত। ইন্ডাস্ট্রি থেকে কেন একসময়ে স্বেচ্ছায় দূরে সরে গিয়েছিলেন, সেই পুরনো ক্ষতের কথাও খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি। একটি ছোট শহর থেকে উঠে আসা যুবকের কাছে মুম্বইয়ের ঝাঁ চকচকে পার্টি কালচার এবং অন্ধ অনুকরণ একটা বড় মানসিক ধাক্কা ছিল বলে জানান গায়ক।
অমিতের জবানিতে, “মুম্বইয়ে আসার পর এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব সমস্যা হয়েছিল। বড় বড় পার্টিতে গিয়ে দেখতাম মানুষ নিজেদের বড়াই করতে ব্যস্ত। অনেকের মধ্যেই তীব্র নিরাপত্তাহীনতা কাজ করত, যা আমি তখন বুঝতে পারিনি। স্বার্থের টানে সম্পর্ক তৈরি করা এবং পছন্দের বাইরে গিয়ে গান গাওয়ার মানসিক চাপ আমি নিতে পারিনি।” তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতি এবং পরনিন্দার সংস্কৃতি থেকে দূরে থাকতেই তিনি গানকে ভালোবেসে স্বেচ্ছায় লম্বা বিরতি নেওয়ার পথ বেছে নিয়েছিলেন।
আজকের পরিবর্তিত পরিস্থিতিতে অতীতের সব অভিমান ভুলে নতুন করে সঙ্গীতচর্চায় মন দিতে প্রস্তুত অমিত সানা। ‘লেজেন্ডস রিটার্ন’-এর মঞ্চে তাঁর এই পরিণত রূপ এবং জাদুকরী কন্ঠস্বর যে দর্শকদের নস্ট্যালজিয়ায় ভাসাবে, তা বলাই বাহুল্য।