‘মদ খেয়ে গান গাইছেন?’ মঞ্চেই দালের মেহেন্দিকে থামালেন উত্তরাখণ্ডের মন্ত্রী
নবরাত্রি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। কিন্তু মাঝপথেই মঞ্চে উঠে তাঁর গান থামিয়ে দিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল। গায়ক মদ্যপ অবস্থায় গান গাইছেন বলে অভিযোগ করে তাঁকে কড়া কথা শোনান মন্ত্রী। রবিবার উত্তরাখণ্ডের তেহরি জেলার কুঞ্জাপুরি মেলায় এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
উত্তরাখণ্ডের মন্ত্রিসভার সদস্য সুবোধ উনিয়াল নরেন্দ্রনগরের বিধায়কও। মঞ্চে উঠে তিনি দিলের মেহেন্দিকে জানান, নবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠান দুর্গামাতার পুজোর সঙ্গে যুক্ত। এমন অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়া ঠিক নয়। মন্ত্রী বলেছেন, ‘আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে এখানকার মানুষ আনন্দ করতে পারেন। আপনি তো আমাদের বোকা বানাচ্ছেন।’
গায়কের জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দালের মেহেন্দির মতো বড় নামের শিল্পীর কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।’ মন্ত্রীর অভিযোগ, গায়ক ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। তাই তাঁর গান গাওয়া নিয়েও প্রশ্ন তোলেন সুবোধ উনিয়াল।
ভিডিয়োয় দেখা যায়, মন্ত্রী কথা বলার সময় দিলের মেহেন্দি তাঁকে মঞ্চ ছেড়ে যাওয়ার অনুরোধ করছেন। তিনি বলেন, ‘স্যর, হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে নেমে যান।’
Celebrities think they are too big to do anything. So they come drunk, do lip singing, make money and leave. But at times the strategy goes wrong. That's exactly the case with Daler Mehndi.
Mehndi came drunk to perform at an event in Uttarakhand which was attended by a state… pic.twitter.com/loVjg6l7pz
— Sunil Jha (@SunilBNJha) October 19, 2026
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গায়ক মদ্যপ অবস্থায় অনুষ্ঠান করছিলেন বলেই মন্ত্রী আপত্তি জানান। তবে দিলের মেহেন্দি সত্যিই মদ্যপ ছিলেন কি না, তার কোনও নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। তিনি গান গাওয়ার বদলে রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন বলেও কিছু দাবি উঠেছে। সেই অভিযোগেরও নিশ্চিত প্রমাণ মেলেনি। ঘটনা নিয়ে দিলের মেহেন্দির তরফে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।