গাড়িতে ৫ বছর বয়সি শিশু, তবু ডোমিনিকান অভিবাসীকে লক্ষ্য করে গুলি আইসিই এজেন্টের
এক ডমিনিকান বংশোদ্ভূত অভিবাসীকে গুলি করেছেন আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) এজেন্ট। নিউইয়র্কের ব্রঙ্কসে অভিযান চলাকালীন ওই গুলি চালানো হয়। গ্রেপ্তার করার সময়ে গাড়ি দিয়ে এক আধিকারিককে ধাক্কা মারেন ওই ব্যক্তি। এর পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময়ে ওই গাড়িতে বসেছিল ৫ বছর বয়সি একটি শিশুও। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ওই গুলি চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন নিউইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও। তবে গুলি করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না বলেও জানিয়েছেন ICE আধিকারিকরা। আইসিই-র দাবি, গুলি চালানো হলেও ওই ডমিনিকান অভিবাসীর আঘাত গুরুতর নয়। তাঁর ঘাড় ঘেঁষে গুলিটি চলে যায়। ওই শিশুর কোনও ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তাঁরা।