গলসিতে হনুমানের আক্রমণে আহত ৩৫, বাদ গেলেন না পুলিশকর্মীরাও - 24 Ghanta Bangla News
Home

গলসিতে হনুমানের আক্রমণে আহত ৩৫, বাদ গেলেন না পুলিশকর্মীরাও

Spread the love

হনুমানের তাণ্ডব পূর্ব বর্ধমানে গলসিতে। হনুমানের আক্রমণে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। বাদ যাননি পুলিশকর্মীরাও। ওই হনুমানকে ধরার জন্য খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। তবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ধরা যায়নি সেই হনুমানকে। ফলে আতঙ্কের মধ্যে আছেন বাসিন্দারা।

গত কয়েক দিন ধরেই হনুমানের দল আসছিল গলসি বাজারে। লোকজনের বাড়ির ছাদেও থাকত তারা। তবে এত দিন কাউকে আক্রমণ করেনি তারা। ওই দলেরই একটি হনুমান দুর্ঘটনায় মারা যায়। তার পরেই বৃহস্পতিবার বিকেল থেকেই একের পর এক বাসিন্দাকে আক্রমণ করছে ওই দলেরই একটি হনুমান। ফলে অতিষ্ট তাঁরা। বাড়ির বাইরেও পা দিতে ভয় পাচ্ছেন এলাকার লোকজন।

এলাকার বাসিন্দা কুণালকান্তি মণ্ডল জানান, এত দিন ধরে হনুমান এলাকার এলেও কাউকেই আক্রমণ করেনি। এ দিন কেন হঠাৎ ওই হনুমানটি তাণ্ডব শুরু করেছে তা বুঝতে পারছেন তাঁরা। বাসিন্দারা জানান, বাড়ির ছাদ এবং গাছ থেকে নেমেই আচমকা আক্রমণ করছে হনুমানটি।

বৃহস্পতিবার বিকেল থেকে ওই হনুমানের আক্রমণে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আক্রমণের হাত থেকে রেহাই পাননি পুলিশকর্মীরাও। তার পরেই হনুমানের কামড়ে আহতরা ভ্যাকসিন নিতে ভিড় জমান পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গলসি এলাকায়। বাসিন্দারা চাইছেন, হনুমানটিকে ধরে তাঁদের এই আতঙ্ক এবং আক্রমণের হাত থেকে রেহাই দিক বন দপ্তর।

বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন, হনুমানটিকে ধরার চেষ্টা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *