অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজো, আয়োজন সপ্তগ্রামের মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকায় হচ্ছে দুর্গাপুজো। এই উদ্যোগ নিয়েছেন মহিলারাই। রাতারাতি গঠন করা হয়েছে ‘অন্নপূর্ণা দুর্গাপুজো কমিটি’। পুজোর আর দেরি নেই। রবিবার মহালয়া। তাই এখন সাজো সাজো রব। বৃহস্পতিবারই এই পুজোর জন্য খুঁটি পূজার আয়োজন করেন কমিটির সদস্যরা।
অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজোর আয়োজন করেছেন হুগলির পাণ্ডুয়ার গোয়ারা গ্রামের মহিলারা ৷ ওই গ্রামে এই প্রথম বার দুর্গাপুজোর আয়োজন করছেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ৬০ জন গৃহবধূ ৷ একই রকম আয়োজন করেছেন নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকার মহিলারা। অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন তাঁরা। এ বার এই উদ্যোগ নেওয়া হয়েছে সপ্তগ্রাম বিধানসভায়।
সপ্তগ্রামের পোলবা-দাদপুর ব্লকের হারিট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়ার মহিলারা অন্নপূর্ণা যোজনার প্রকল্পের প্রাপ্ত অর্থ দিয়ে দুর্গাপুজোর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এখন এই যোজনায় মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা। সেই টাকা দিয়েই দুর্গাপুজোর আয়োজন করছেন তাঁরা। এই জন্য গঠন করা হয়েছে দক্ষিণপাড়া অন্নপূর্ণা দুর্গাপুজো কমিটি। ওই সন্ধ্যা আইচ জানান, গ্রামের প্রায় ৩০০ জন মহিলা একত্রিত হয়ে এই দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
এই বারই প্রথম পুজোর করছেন তাঁরা। তবে তাঁদের উৎসাহের শেষ নেই। জানিয়েছেন, প্রতিমা আনা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত পুজোর সমস্ত দায়িত্ব সব কিছুই করবে ‘মাতৃশক্তি’ । একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
বৃহস্পতিবার দক্ষিণপাড়ায় খুঁটি পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষ। এই পুজোয় মহিলাদের পাশে থেকে তাঁদের সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তিনি।