SIR-এর বিরুদ্ধে দীপকের সঙ্গে পথে প্রকাশ রাজ-ধ্রুব রাঠিও, ‘জনতার আদালত’-এর পরে চপ্পল প্রতিবাদ - 24 Ghanta Bangla News
Home

SIR-এর বিরুদ্ধে দীপকের সঙ্গে পথে প্রকাশ রাজ-ধ্রুব রাঠিও, ‘জনতার আদালত’-এর পরে চপ্পল প্রতিবাদ

Spread the love

বেঙ্গালুরুতে আয়োজিত SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে একজোট সবপক্ষ। বৃহস্পতিবার, ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত হচ্ছে ‘People’s Tribunal’ বা ‘জনতার আদালত’। এই কর্মসূচিতে একসঙ্গে পথে নামলেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, অভিনেতা প্রকাশ রাজ এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অভিজিৎ দীপকের ভিডিয়োতে প্রতিবাদে বুধবার রাতেই যোগদানের কথা জানান ধ্রুব রাঠি। এই প্রতিবাদ কর্মসূচিকে সফল করতে আগেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁকেও দেখা যায় দীপকের সঙ্গে।

একই মঞ্চে দীপকে, ধ্রুব রাঠি ও প্রকাশ রাজ

SIR-বিরোধী আন্দোলনে বেশ কিছুদিন ধরেই সরব CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বেঙ্গালুরুতে আয়োজিত SIR বিরোধী আন্দোলনেও যোগদান করার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এই কর্মসূচিতে যোগদানের কথা জানিয়েছিলেন প্রকাশ রাজও। কর্মসূচির ঠিক আগের রাতে সমর্থনে এগিয়ে এলেন ধ্রুব রাঠি। ফলে কর্নাটকে SIR-বিরোধী প্রতিবাদে এই তিন দাপুটে ব্যক্তিত্বের উপস্থিতি বিশেষ ভাবে নজর কেড়েছে।

দীপকের পাশাপাশি প্রকাশ রাজ নিজেও বুধবার রাতে সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তায় ধ্রুব রাঠির যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথমে তিনি জানান, বেঙ্গালুরুর কর্মসূচিতে এক ‘বিশেষ অতিথি’ থাকবেন। পরে সেই অতিথি যে ধ্রুব রাঠি, তা স্পষ্ট করেন অভিনেতা। ধ্রুবের যোগদানের কথা জানিয়ে প্রকাশ রাজ বলেন, ‘বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে যিনি আমাদের সঙ্গে যোগ দেবেন, তিনি আর কেউ নন, তিনি হলেন ধ্রুব রাঠি। এমন এক কণ্ঠ, যার মেরুদণ্ড রয়েছে। SIR প্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত এই প্রতিবাদে তিনি আমাদের পাশে থাকবেন।’ এ ছাড়া ঐশী ঘোষ, নেহা বোরাদের উপস্থিতির কথাও জানান তিনি।

কেন ধ্রুব রাঠির যোগদান গুরুত্বপূর্ণ?

SIR নিয়ে ধ্রুব রাঠি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নিজের মতামত জানিয়েছেন। এ বার সরাসরি বেঙ্গালুরুর রাস্তায় প্রতিবাদ কর্মসূচিতে তাঁর যোগদান সেই বিতর্ককে আরও বড় পরিসরে তুলে ধরল। প্রকাশ রাজও দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়ে আসছেন।

কী হবে ‘People’s Tribunal’-এ?

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এ দিন ফ্রিডম পার্কে বসল ‘People’s Tribunal’ অর্থাৎ জনতার আদালত। কর্নাটকের বিভিন্ন এলাকা থেকে আসা এমন কয়েক জন ভোটার সেখানে বক্তব্য রাখবেন, যাঁরা SIR-এর প্রক্রিয়ায় নিজেদের ক্ষতিগ্রস্ত বলে দাবি করছেন।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, নাম সংক্রান্ত সমস্যা এবং SIR-এর সময় তাঁদের কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে— সেই অভিজ্ঞতার কথা তাঁরা তুলে ধরবেন বলে আয়োজকদের দাবি।

এই কর্মসূচিতে অভিজিৎ দীপকের পাশাপাশি প্রকাশ রাজ ও ধ্রুব রাঠীর উপস্থিতি প্রতিবাদকে বাড়তি গুরুত্ব দিয়েছে। যদিও Tribunal-এ উত্থাপিত অভিযোগগুলি আয়োজক ও অংশগ্রহণকারী ভোটারদের বক্তব্য হিসেবেই বিবেচিত হবে।

দীপকের পরবর্তী কর্মসূচি ‘চপ্পল প্রতিবাদ’

People’s Tribunal শেষ হওয়ার পরেই CJP-র তরফে আয়োজন করা হচ্ছে আরও একটি অভিনব প্রতিবাদের— ‘চপ্পল প্রতিবাদ’। আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা তাঁদের ক্ষোভ ও প্রতিবাদ জানাতে চান।

CJP-র তরফে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বাতিল, আগের ভোটার তালিকা পুনর্বহাল এবং SIR নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *