যোগী রাজ্যে তৃতীয় প্রার্থীতে না সমাজবাদীর! ভোটাভুটি ছাড়াই রাজ্য সভায় যেতে পারেন ১০ জন - 24 Ghanta Bangla News
Home

যোগী রাজ্যে তৃতীয় প্রার্থীতে না সমাজবাদীর! ভোটাভুটি ছাড়াই রাজ্য সভায় যেতে পারেন ১০ জন

Spread the love

লখনউ: উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে শেষ পর্যন্ত তৃতীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল (Rajya Sabha)সমাজবাদী পার্টি (এসপি)। ফলে ১০টি রাজ্যসভা আসনের জন্য বিজেপির আট এবং এসপির…

লখনউ: উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে শেষ পর্যন্ত তৃতীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল (Rajya Sabha)সমাজবাদী পার্টি (এসপি)। ফলে ১০টি রাজ্যসভা আসনের জন্য বিজেপির আট এবং এসপির দুই প্রার্থীই আপাতত ময়দানে থাকছেন।

মনোনয়নপত্রের যাচাইয়ে কোনও সমস্যা না হলে এবং ৯ অক্টোবরের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ভোটাভুটির প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যেতে পারেন বিজেপির আট এবং এসপির দুই প্রার্থী।

আরও দেখুনঃ এখনও লড়ছেন ত্রাতা স্মিত! মাথার খুলিতে হল বড় অস্ত্রপচার

এর আগে তৃতীয় প্রার্থী দেওয়ার বিষয়ে জোরালো প্রস্তুতি নিয়েছিল এসপি। দলের একাধিক নেতা জানিয়েছিলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে পরিস্থিতি এবং বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার হিসাব খতিয়ে দেখে সেই পরিকল্পনা থেকে সরে আসে দল। দলের সভাপতি অখিলেশ যাদবের একটি সামাজিক মাধ্যম পোস্টেই সিদ্ধান্তের ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। তিনি লেখেন, এখন নজর তিনটি রাজ্যসভা আসনের দিকে নয়, বরং উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩টি আসনের দিকে।

রাজ্যসভা নির্বাচনে ব্যবহৃত একক হস্তান্তরযোগ্য ভোট বা সিঙ্গল ট্রান্সফারেবল ভোট পদ্ধতিতে প্রার্থীদের জয়ের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রথম পছন্দের ভোট প্রয়োজন।(Rajya Sabha) বর্তমান বিধানসভা সংখ্যার হিসাব অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আটটি আসন জয়ের মতো অবস্থানে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের সমর্থন নিয়ে এসপি দুটি আসনে জয় নিশ্চিত করতে পারে। কিন্তু তৃতীয় প্রার্থীকে জেতাতে হলে এসপি-কংগ্রেস শিবিরের বাইরে থেকেও বিধায়কদের সমর্থন প্রয়োজন হত।

এই জায়গাতেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল ক্রস ভোটিং। রাজ্যসভার নির্বাচন হয় ওপেন ব্যালট পদ্ধতিতে। ফলে কোনও দলের বিধায়ক দলীয় লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে সংশ্লিষ্ট দলের অনুমোদিত প্রতিনিধির কাছে তা গোপন থাকে না।(Rajya Sabha) ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে থাকায় এনডিএ শিবিরের কোনও বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলের প্রার্থীকে ভোট দেওয়ার ঝুঁকি নেবেন কি না, তা নিয়েও প্রশ্ন ছিল। এই বাস্তবতার কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত তৃতীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় এসপি।

এসপি ইতিমধ্যেই দলের বর্ষীয়ান নেতা রামগোপাল যাদবকে প্রার্থী করেছে। তিনি রাজ্যসভায় ষষ্ঠবারের জন্য নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। দলের দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্তা ধনরাজ পরিমল নথওয়ানি। (Rajya Sabha)দু’জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বিজেপি সোমবার উত্তরপ্রদেশ থেকে আটজনের নাম ঘোষণা করেছে। তালিকায় রয়েছেন ধর্মপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রাম প্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গওয়ার।

বিজেপির তালিকায় এবার বেশ কয়েকটি পরিচিত নাম বাদ পড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বিএল ভার্মা। বিজেপি এবার উত্তরপ্রদেশ থেকে নতুন মুখকে সামনে রেখেই আটটি আসনের জন্য প্রার্থী বেছেছে। তালিকায় দুই মহিলা প্রার্থীও রয়েছেন প্রিয়াঙ্কা সিং রাওয়াত এবং শ্রুতি গঙ্গওয়ার।

রাজ্যসভা নির্বাচনের নির্ধারিত সূচি অনুযায়ী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৭ অক্টোবর মনোনয়নপত্রের যাচাই হবে। ৯ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রয়োজন হলে ১৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। তবে এসপি তৃতীয় প্রার্থী না দেওয়ায় বর্তমানে ১০টি আসনে ১০ জন প্রার্থীই রয়েছেন। ফলে যাচাইপর্বে কোনও মনোনয়ন বাতিল না হলে এবং শেষ মুহূর্তে কেউ সরে না দাঁড়ালে ভোটাভুটির সম্ভাবনা কার্যত থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *