ডাক্তারদের একটাই ডিগ্রি হোক, সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
এই সময়: রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে ডাক্তার তৈরির প্রচলিত কাঠামোয় বড়সড় বদলের পক্ষে সওয়াল করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রবিবার মৌলালি যুব কেন্দ্রে দন্তরোগ বিশেষজ্ঞদের সম্মেলনে তিনি বলেন, ‘আমি চাই, ডাক্তারদের একটাই ডিগ্রি হোক— এমবিবিএস। তার একটা স্পেশ্যালিটি হোক ডেন্টাল। বিডিএস ডিগ্রি উঠে যাক।’ যদিও তাঁর এই বক্তব্যের পক্ষে–বিপক্ষে নানা মত উঠে আসছে।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, দাঁত শরীরেরই একটি অঙ্গ। তাই দাঁতের চিকিৎসার জন্য আলাদা ডিগ্রির প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘ডাক্তাররা শরীরের চিকিৎসা করেন। দাঁত শরীরেরই অঙ্গ।’
তাঁর দাবি, এমবিবিএস পাশ করার পরে যেমন কেউ চোখের, কেউ নাক-কান-গলার, কেউ হৃদরোগ বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ হন, তেমনই এমবিবিএসের পরেই দাঁতের চিকিৎসায় বিশেষজ্ঞ হওয়ার সুযোগ থাকা উচিত।’
দাঁতের চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমবিবিএস পাস করেই কেন দাঁতের ডাক্তার হওয়া যাবে না?’ তাঁর মতে, এই ধরনের পরিবর্তন কার্যকর হলে রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটানোর পথ আরও সহজ হতে পারে। তবে বিডিএস তুলে দিয়ে ডেন্টাল চিকিৎসাকে এমবিবিএসের আওতায় আনার প্রস্তাব বাস্তবায়ন করতে হলে জাতীয় স্তরের চিকিৎসা ও দন্ত চিকিৎসা শিক্ষার কাঠামোয় বড় পরিবর্তন প্রয়োজন হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই বদল কোনও একটি অঙ্গরাজ্যের বিষয় নয়, ইস্যুটা সর্বভারতীয়।