India-US trade deal: আমেরিকায় কমছে ভারতীয় পণ্যের দাম, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদী বললেন… – Bengali News | ‘Thank President Trump for his personal commitment’, says PM Narendra Modi on India US deal
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? (ফাইল ফোটো)Image Credit: PTI
নয়াদিল্লি ও ওয়াশিংটন: ঘোষণা কয়েকদিন আগেই করেছিলেন। অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই স্বাক্ষরের পর আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ। একইসঙ্গে দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো চূড়ান্ত হওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ভারত ও আমেরিকার জন্য সুখবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাঠামোতে সম্মত হয়েছে দুই মহান দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’
দুই দেশের এই পদক্ষেপের ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ আরও গতি পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। এবং এই চুক্তির ফলে ভারতের কৃষক, মৎস্যজীবী, এমএসএমই সেক্টর-সহ অন্যদের কাছে নতুন দরজা খুলে গেল বলে মন্তব্য করেন তিনি। মহিলা ও যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ বাড়ল।
একই কথা বললেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো নিয়ে তিনি বলেন, এর ফলে আমেরিকায় ভারতের রফতানি বাড়বে এবং কর্মসংস্থান হবে। তাঁর কথায়, “৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের রফতানির জন্য খুলে গেল।” এর ফলে কৃষক, মৎস্যজীবী এবং দেশের এমএসএমই সেক্টর লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন। দেশের লক্ষ লক্ষ যুবক ও মহিলাদের কর্মসংস্থানের দরজা খুলে গেল বলে তিনি মন্তব্য করেন।
অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোয় বলা হয়েছে, আগামী ৫ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার মার্কিন পণ্য কিনবে। অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চূড়ান্ত হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির (BTA) পথ প্রশস্ত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।