১২ দিনে ত্বকে ফিরবে জেল্লা। Ei Samay
হাতে আর ১৪ দিনও নেই, সামনেই পুজো। উৎসবের আগে ত্বককে উজ্জ্বল ও সতেজ দেখাতে শুধু শেষ মুহূর্তে মেকআপের উপর নির্ভর করলে কিন্তু ভুল করবেন। বড় কোনও অনুষ্ঠানের আগে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে প্রয়োজন নিয়মিত স্কিন কেয়ার, পর্যাপ্ত হাইড্রেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপন। দূষণ, রোদ, ঘুমের অভাব, মানসিক চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া এবং পর্যাপ্ত জল না খাওয়ার কারণে ত্বকও অনেক সময় নিস্তেজ ও ক্লান্ত দেখাতে পারে। তাই কয়েক দিন আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। কী করবেন?
পরিষ্কার রাখুন
ত্বকের জেল্লা ফেরানোর প্রথম ধাপই হলো তা পরিষ্কার রাখা। প্রতিদিন ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজ়ার ব্যবহার করে মুখ পরিষ্কার করা জরুরি। এতে ত্বকের উপর জমে থাকা ধুলো, অতিরিক্ত তেল ও অন্যান্য ময়লা দূর করতে সাহায্য করে। তবে অতিরিক্ত স্ক্রাব বা খুব শক্ত ভাবে ত্বক ঘষে পরিষ্কার করা উচিত নয়, এতে ত্বকে জ্বালা বা শুষ্কতা তৈরি হতে পারে।
ময়শ্চারাইজ়ার ব্যবহার জরুরি
এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী ময়শ্চারাইজ়ার ব্যবহার করাটাও প্রয়োজন। ত্বক শুষ্ক হয়ে গেলে তার স্বাভাবিক উজ্জ্বলতা কমে যেতে পারে। হায়ালুরনিক অ্যাসিড, গ্লিসারিন বা অ্যালোভেরার মতো হাইড্রেটিং উপাদান থাকা স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে উৎসবের আগে নতুন কোনও প্রোডাক্ট ব্যবহার করলে আগে ছোট জায়গায় প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।