অনিশ্চয়তা থাকবে ধরেই নীতি নির্ধারণ করার দাবি নির্মলার
এই সময়: গত কয়েক মাসে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কোনও সাময়িক পরিস্থিতি নয়। বরং তা আগামী দিনের জন্য স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। এমন টালমাটাল পরিস্থিতির মোকাবিলায় নতুন করে নীতি তৈরির প্রয়োজন। যা দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখবে—শনিবার কৌটিল্য ইকোনমিক কনক্লেভ ২০২৬-এ এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন তিনি বলেন, ‘অনিশ্চয়তাই এখন বিশ্ব অর্থনীতির স্থায়ী সমস্যা। কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা বুঝে নিয়ে নীতি নির্ধারণ করা প্রয়োজন। আমাদের দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকার কথা ভাবতে হবে। সেই জন্য মনে রাখতে হবে, এটা কোনও ওয়ান-টাইম এক্সারসাইজ় নয়। আমরা আগামী দিনের কথা চিন্তা করে প্রস্তুতি নিচ্ছি।’ এ দিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের ‘সাপ্লাই চেন’ গড়ে তোলার ক্ষেত্রে স্বনির্ভরতার উপরে জোর দেন। পাশাপাশি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) খাতেও বিনিয়োগে বেসরকারি ক্ষেত্রকে এগিয়ে আসার ডাক দেন। তাঁর কথায়, ‘কোনও ক্ষেত্রে নির্দিষ্ট একটি উৎসের উপরে নির্ভরতা কমিয়ে ঘরোয়া উৎপাদন বৃদ্ধির উপরে জোর দেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ বাজারেই সাপ্লাই চেন মজবুত হবে। যা দেশের শিল্পক্ষেত্রের বৃদ্ধির জন্যও সহায়ক হবে।’