পুজোর আগে রাতের ঘুম উধাও নিজামুদ্দিনদের
এ বার এই পুজোর থিম ‘মাটির পরশ’। তিন হাজার বর্গফুট জায়াগা জুড়ে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। পোড়া মাটির বেড়, কলস, ঘট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপকে। মণ্ডপের মূল কাঠামো বানানো হয়েছে বাঁশ, কাঠ, লোহার পাইপ দিয়ে। মণ্ডপের উপরিভাগে থাকছে কাঠের সিলিং। তাতে নানা ধরনের কাঠের কারুকাজ থাকবে। পাহাড়ি মন্দিরের আদলে এখানে প্রতিমা রাখার জন্য উঁচু করে কাঠ দিয়ে বেদি তৈরি করা হচ্ছে। মন্ডপের চারিদিকে দেওয়াল জুড়ে থাকবে বাংলার পটচিত্র। সেই কাজটা যাতে নিখুঁত হয়, তার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজামউদ্দিন মোল্লা, শুকুর আলি, ফারুক, রোহিতরা। তার মধ্যেই বার বার বৃষ্টি চলে আসায় মন খারাপ নিজামউদ্দিনের। মণ্ডপ তৈরির ব্যস্ততার ফাঁকে নিজামউদ্দিন বললেন, ‘পুজোর সময় বৃষ্টি হলে কার আর ভালো লাগে? বৃষ্টিতে কাঠ। ভিজে যাচ্ছে, সিমেন্ট ধুয়ে যাচ্ছে। ফলে মণ্ডপ তৈরি করতে খুব সমস্যা হচ্ছে। উপরওয়ালার কাছে প্রার্থনা করছি, বৃষ্টিটা যেন এ বার থেমে যায়। তা না হলে মণ্ডপের কাজ শেষ করা মুশকিল হবে।’