রাজধানীতে কড়াকড়ি, ‘ককরোচ’ আটকাতে সামনে মহিলা পুলিশ
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
ঠিক যেন সীমান্তের নিয়ন্ত্রণরেখার মতো কড়াকড়ি। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়া খারিজের দাবিতে আজ, শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তার আগে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রকে কার্যত নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলা হলো। শুক্রবার দুপুরে যন্তর মন্তর চত্বর বড্ড অচেনা! গোটা এলাকায় নেই কোনও চা, ফল বিক্রেতা, শুধু সশস্ত্র জওয়ানের ভিড়! সূত্রের খবর, ইতিমধ্যেই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)–এর ২৩,০০০ আধিকারিককে দিল্লির রাস্তায় নামানো হয়েছে। ‘রাতের দিকে সংখ্যাটা আরও বাড়বে৷ শনিবার আমাদের এখানে আসতে হবে ভোর সাড়ে ৫টায়। বাচ্চাটার খুব জ্বর, কিন্তু উপায় নেই, আগামিকাল আমরাই লিড করব’— ইস্পাত কঠিন মুখে ঝরঝরে বাংলায় যিনি কথাগুলো বললেন, তিনি দিল্লি পুলিশের মহিলা জওয়ানদের অন্যতম ‘লিডার’৷ নাম জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তর, ‘ধরে নিন দুর্গা’৷