SIR নিয়ে 'অপপ্রচার' রুখতে পাল্টা প্রচারে পদ্ম
এই সময়, নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে আর তার মূল ষড়যন্ত্রী দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার— এই অভিযোগে সরব বিরোধী শিবির ‘ইন্ডিয়া’৷ একই ইস্যুতে সুর চড়িয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কংগ্রেস ও বাম সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনগুলিও৷ পাল্টা রণকৌশলের খোঁজে কোন পথে এগোনো উচিত— উত্তরের খোঁজে শুক্রবার দিল্লির দলীয় সদর দপ্তরে কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন৷
দলীয় সূত্রের দাবি, এ দিনের বৈঠকে স্থির হয়েছে সার–ইস্যুতে বিরোধী শিবিরের ‘অপপ্রচার’-এর বিরুদ্ধে দেশজুড়ে প্রচারে নামবে বিজেপি৷ প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে করা হবে পৃথক প্রচার, যেখানে সংশ্লিষ্ট প্রদেশের শীর্ষ নেতৃত্ব ছাড়াও অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতা–মন্ত্রীরা৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হতে হবে দলের সর্বস্তরের নেতা কর্মীদের৷ রবিবার থেকে সারা দেশে শুরু হবে নবরাত্রি উত্সব৷ এই উত্সবের আবহেই ‘সার’ ইস্যুতে সারা দেশ জুড়ে সর্বাত্মক প্রচারাভিযান শুরু করা হবে নাকি দুর্গাপুজো মিটলে শুরু হবে প্রচার— এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই।
এ দিনের বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন ছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বিএল সন্তোষ, স্মৃতি ইরানি, শিবপ্রকাশ, তরুণ চুঘ প্রমুখ৷ আগামী বছর দেশের পাঁচটি বড় রাজ্যের বিধানসভা ভোট— উত্তরপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। সার ও ভোটচুরির অভিযোগকে হাতিয়ার করে বিরোধীদের প্রচার এই ভোটে প্রভাব ফেলতে পারে, এমনটাই আশঙ্কা বিজেপির শীর্ষ নেতৃত্বের৷ সূত্রের খবর, সেই কারণেই তড়িঘড়ি শুক্রবারের বৈঠক।