সহকারীকে যৌন হেনস্থা, অভিযুক্ত খোদ চিকিৎসক, ক্ষোভ সোদপুরে
এই সময়, খড়দহ: কর্মস্থলে ফের অসুরক্ষিত নারী। এ বার সোদপুরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে খোদ চিকিৎসকের হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করলেন এক মহিলা ইউএসজি (আল্ট্রাসোনোগ্রাফি) টেকনিশিয়ান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকের বিরুদ্ধে সোদপুর অমরাবতী এলাকার ওই ক্লিনিক কর্তৃপক্ষের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।
অভিযোগকারিণী তরুণী চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সোদপুর-বারাসত রোডের ওই ক্লিনিকে ইউএসজি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, গত দু’মাস ধরেই সংশ্লিষ্ট চিকিৎসক নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। একাধিকবার মৌখিক আপত্তি জানিয়েও লাভ হয়নি। পরিস্থিতি চরমে পৌঁছয় গত বুধবার দুপুরে। অভিযোগ, ইউএসজি কক্ষ ফাঁকা থাকার সুযোগে তরুণীর উপরে ঝাঁপিয়ে পড়ে ওই চিকিৎসক অশালীন আচরণ করতে শুরু করেন। কোনও রকমে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে করতে ঘর ছেড়ে পালান তরুণী। সঙ্গে সঙ্গে খবর দেন ভাইকে।
এর পরই প্রকাশ্যে আসে ক্লিনিক কর্তৃপক্ষের উদাসীনতা। ভাই ও সহকর্মীদের নিয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত নালিশ জানালেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। উল্টে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। বাধ্য হয়ে খড়দহ থানার দ্বারস্থ হন নির্যাতিতা। তরুণীর বয়ানের ভিত্তিতে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
কর্মক্ষেত্রে এমন ঘটনায় এলাকায় চিকিৎসকের কঠোর শাস্তির দাবি উঠেছে। উল্লেখ্য, এই সোদপুরেরই মেয়ে অভয়াকে আরজি কর হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছিল। অভয়ার মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। সেই পানিহাটিতেই কর্মস্থলে নারীর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেল।