বক্সের তাণ্ডব, প্রতিবাদীকে কাঁচির কোপে খুনের চেষ্টা ক্যানিংয়ে
এই সময়, ক্যানিং: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় কাঁচি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম প্রতিবাদী যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এই চিকিৎসাধীন। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ডাবু সংলগ্ন গড়খালি গ্রামে।
গ্রামের বাসিন্দা আরফাত ওরফে পল্টু জমাদার, সালমান জমাদার-সহ কয়েকজন যুবক গ্রামে ব্যাগ কারখানায় কাজ করেন। অভিযোগ, কাজ করার সময় সময় তারা উচ্চস্বরে বক্স বাজিয়ে গান চালায়। বৃহস্পতিবার রাতেও উচ্চৈস্বরে বক্স বাজছিল। আওয়াজে এলাকার মানুষের কান ঝালাপালা অবস্থা। স্থানীয় বাসিন্দা সাইন জমাদারের বাড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। পড়াশোনায় ব্যাঘাত ঘটায় তিনি বক্স বন্ধ করার জন্য প্রতিবাদ করেন। অভিযোগ, প্রতিবাদ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। আরফাত ও সালমান আচমকাই ব্যাগ কারখানায় ব্যবহৃত কাঁচি নিয়ে সাইনের উপরে চড়াও হয়। প্রথমে হাতে কোপ মারা হয়, তার পর পেটে কাঁচি ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে ছটফট করতে থাকেন সাইন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় সাইনকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরীক্ষার মধ্যে তারস্বরে বক্স বাজানো নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়রাও। ঘটনাটি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।