রাজাদের নাকি অস্ত্র দিতেন দেবী! NCERT-র বই ঘিরে বিতর্ক - 24 Ghanta Bangla News
Home

রাজাদের নাকি অস্ত্র দিতেন দেবী! NCERT-র বই ঘিরে বিতর্ক

Spread the love

এই সময়: দেবীর কাছ থেকে পাওয়া তরবারি হাতে নিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে নাকি যুদ্ধে নেমেছিলেন ভারতের একাধিক রাজা! এমনই শেখানো হচ্ছে এনসিইআরটি-র নবম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বইয়ে।

‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড—পার্ট টু’ বইয়ের ‘রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিলিয়েন্স’ অধ্যায়ে যুদ্ধ ও প্রতিরোধের ইতিহাসের সঙ্গে ভারতীয়দের দেবী-উপাসনার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, সপ্তম শতাব্দী থেকে সংঘাতের সময়ে বহু রাজা ও রাজপুত্র কালী, দুর্গা, ভবানী-সহ বিভিন্ন শক্তিরূপী দেবীকে রক্ষাকর্ত্রী হিসেবে আহ্বান করতেন।

এই প্রসঙ্গে তিন শাসকের কথা বিশেষ ভাবে উল্লেখ করেছে এনসিইআরটি। বস্তারের রাজা অন্নমরাজা মানিক্যদেবী, অর্থাৎ দন্তেশ্বরীর কাছ থেকে নাকি তরবারি পেয়েছিলেন। বিজয়নগরের কুমার কম্পনা মাদুরাইয়ের সালতানাতের বাহিনীর বিরুদ্ধে যে তরবারি ব্যবহার করেছিলেন, সেটিও নাকি দেবীর দেওয়া। অন্তত তেমন বিশ্বাসের কথাই বলা হয়েছে বইয়ে। আর ছত্রপতি শিবাজি নাকি তরবারি পেয়েছিলেন দেবী তুলজা ভবানীর কাছ থেকে।

অর্থাৎ নতুন পাঠ্যবইয়ে যুদ্ধের ইতিহাসের সঙ্গে দেবী-উপাসনা এবং ‘দেবীর আশীর্বাদে’ অস্ত্রপ্রাপ্তির বিশ্বাসকে একই বয়ানের মধ্যে আনা হয়েছে। তবে এগুলিকে নিশ্চিত ঐতিহাসিক তথ্য হিসেবে নয়, ‘বিশ্বাস করা হয়’ বা ‘ঐতিহ্যগত ভাবে বিশ্বাস করা হয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিলিয়েন্স’ অধ্যায়ে সপ্তম শতাব্দীর পরে ভারতীয় উপমহাদেশে ধারাবাহিক আক্রমণ এবং তার বিরুদ্ধে বিভিন্ন রাজা ও সম্প্রদায়ের প্রতিরোধের কথা রয়েছে।

আরব, তুর্কি, মুঘল ও ইউরোপীয় শক্তির বিরুদ্ধে প্রতিরোধের পাশাপাশি যুদ্ধের সঙ্গে যুক্ত ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাসের কথা তুলে ধরা হয়েছে। এনসিইআরটি-র চেয়ারপার্সন দিনেশ সাকলানি জানিয়েছেন, নতুন সমাজবিজ্ঞান পাঠ্যক্রমের লক্ষ্য পড়ুয়াদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা, সমালোচনামূলক অনুসন্ধান এবং বিভিন্ন সংস্কৃতির বিষয়ে বোঝাপড়া তৈরি করা। তবে সমাজবিজ্ঞানের পাঠ্যে প্রমাণহীন কিছু বিশ্বাসের উপস্থাপনা যুক্তিপূর্ণ ভাবনার সুযোগ সঙ্কুচিত করছে বলেই মনে করছেন শিক্ষক–শিক্ষিকাদের অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *