ফ্লাইদুবাইয়ের ১৭৪ যাত্রীর জীবন রক্ষাকারী ভারতীয় পাইলট স্মিত মাছড়কে ‘হিরো’ বললেন মোদী
নয়াদিল্লি: ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটের ভেতরে কো-পিলটের প্রাণঘাতী আক্রমণ ও ছুরিকাঘাত প্রতিহত করে ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপটেন স্মিত মাছড়কে (Captain Smit Machchhar)…
নয়াদিল্লি: ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটের ভেতরে কো-পিলটের প্রাণঘাতী আক্রমণ ও ছুরিকাঘাত প্রতিহত করে ১৭৪ জন যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপটেন স্মিত মাছড়কে (Captain Smit Machchhar) ‘হিরো’ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চরম বিপদের মুখেও তাঁর অসাধারণ সাহস ও দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ক্যাপটেন স্মিত মাছড় একজন হিরো। তীব্র বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি যে সাহসিকতা ও অটল মনোবল দেখিয়েছেন, তা শত শত মানুষের জীবন বাঁচিয়েছে এবং এক বড় ট্র্যাজেডি এড়াতে সাহায্য করেছে।” ভারত তাঁকে নিয়ে গর্বিত বলে উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন নমো।
আন্তর্জাতিক স্তরে সংবর্ধনা ও প্রশংসা
মুম্বইয়ের নিবাসী ক্যাপটেন মাছড়কে কেবল ভারতের প্রধানমন্ত্রীই নন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ‘হিরো’ বলে সম্মানিত করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প জানান যে পাইলট গুরুতর জখম হওয়া সত্ত্বেও যেভাবে বুদ্ধিমত্তা ও সাহসিকতা দেখিয়েছেন তা সত্যিই আশ্চর্যজনক।
ককপিটের ভিতরে ঠিক কী ঘটেছিল?
ইসরায়েলি আধিকারিকদের তথ্য অনুযায়ী, ফ্লাইটের কো-পিলট হঠাৎই পাইলটকে আক্রমণ ও ছুরিকাঘাত করেন এবং বিমানটিকে মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে প্রায় ১৪,০০০ ফুট (৪,২৬৭ মিটার) নিচে নামিয়ে আনেন। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সত্ত্বেও ক্যাপটেন মাছড় ককপিটের দরজা খোলার রিলিজ বোতাম টিপতে সক্ষম হন। এর ফলে যাত্রী ও ক্রুরা কোপাইলটকে কাবু করতে সমর্থ হন এবং বিমানে উপস্থিত অন্য দুই পাইলটের সহায়তায় বিমানটি সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করানো হয়।
সৌদি আরবের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাবুকের একটি হাসপাতালে ক্যাপটেন মাছড়ের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অতীতে স্পাইসজেট সংস্থায় ১১ বছরের বেশি কাজ করার পর তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দিয়েছিলেন। তবে এই ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় এবং ফ্লাইদুবাই এবিষয়ে আগাম অনুমান করতে বারণ করে ইসরায়েলের রুটে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে।
নিউক্যাসল ইউনিভার্সিটিতে সাসটেইনেবিলিটি বিষয়ে প্রফেসর অফ প্র্যাকটিস নিযুক্ত অনন্ত
যোগী রাজ্যে মহিলা সেনা অফিসারকে অশ্লীল ইঙ্গিত! গ্রেফতার সাদাত আলি