RCB-র নাম বদলাচ্ছে না, বিড়লা টেকওভারের পর বড় ঘোষণা চেয়ারম্যানের
কলকাতা: নতুন মালিকানায় প্রবেশের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিচিতি বদলাবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় এবার ইতি টানলেন RCB চেয়ারম্যান…
কলকাতা: নতুন মালিকানায় প্রবেশের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিচিতি বদলাবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় এবার ইতি টানলেন RCB চেয়ারম্যান আর্যমান বিড়লা। তাঁর স্পষ্ট বক্তব্য, দলের নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই।
‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামই থাকছে
গত ১৯টি আইপিএল মরশুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটি দলের সমর্থকদের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। প্রথম আইপিএল ট্রফি জিততে দলটির ১৮ বছর অপেক্ষা করতে হলেও, ট্রফি না থাকলেও RCB ছিল প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানার পর সেই পরিচিতিতে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান আর্যমান বিড়লা। রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নাম বদলাবে না। এটা বিশাল একটি ব্র্যান্ড এবং আমরা নামটি ভালোবাসি।” ফলে RCB সমর্থকদের মধ্যে তৈরি হওয়া নাম বদলের আশঙ্কা আপাতত দূর হল।
১৬,৭০০ কোটি টাকার চুক্তিতে মালিকানা বদল
ইউনাইটেড স্পিরিটসের কাছ থেকে RCB-র মালিকানা একটি কনসোর্টিয়ামের হাতে গিয়েছে। এই কনসোর্টিয়ামে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং ব্ল্যাকস্টোন। ফ্র্যাঞ্চাইজিটি প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার, অর্থাৎ আনুমানিক ১৬,৭০০ কোটি টাকায় বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। মালিকানা বদলের পর দলের নাম, লোগো বা সামগ্রিক ব্র্যান্ড পরিচিতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট, নতুন মালিকরা RCB-র প্রতিষ্ঠিত ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে চাইছেন।
আরও পড়ুন:কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ
Advertisements
‘ব্যাঙ্গালোর’ থেকে ‘বেঙ্গালুরু’
RCB-র নাম অবশ্য এর আগেও একবার বদলেছিল। আগে দলের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শহরের সরকারি নাম বেঙ্গালুরু হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাম গ্রহণ করে। নতুন মালিকানাতেও সেই নাম এবং তার সঙ্গে তৈরি হওয়া ঐতিহ্য বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরপর দুই আইপিএল ট্রফি RCB-র
মালিকানা বদলের সময় RCB শুধু জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি নয়, আইপিএলের অন্যতম সফল বর্তমান দল হিসেবেও নতুন যুগে প্রবেশ করছে। ২০২৫ সালে ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় RCB। এরপর ২০২৬ সালেও আইপিএল ট্রফি জিতে পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে তারা। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর RCB হল আইপিএলের ইতিহাসে তৃতীয় দল, যারা পরপর দুই মরশুমে ট্রফি জিতেছে।
আরও পড়ুন: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর
একই মরশুমে IPL ও WPL জয়
২০২৬ সালে RCB আরও একটি ঐতিহাসিক নজির তৈরি করে। একই মরশুমে পুরুষ ও মহিলা দুই দলই চ্যাম্পিয়ন হয়। প্রথমে RCB মহিলা দল WPL ২০২৬-এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস মহিলা দলকে হারিয়ে ট্রফি জেতে। এরপর পুরুষ দল IPL ২০২৬-এর ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর ফলে RCB প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে একই মরশুমে পুরুষদের IPL এবং মহিলাদের WPL, দুই প্রতিযোগিতাতেই শিরোপা জয়ের নজির গড়ে। দুই দলই এর ফলে নিজেদের দ্বিতীয় শিরোপা অর্জন করে।
নতুন মালিকানার অধীনে তাই RCB-র সামনে এখন শুধু নাম এবং ব্র্যান্ডের ঐতিহ্য ধরে রাখাই নয়, সাম্প্রতিক সাফল্যের ধারাও বজায় রাখার বড় চ্যালেঞ্জ।