ফের অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া, প্রথম দফার ড্রাগ টেস্টে ব্যর্থ আরও ২ পাইলট - 24 Ghanta Bangla News
Home

ফের অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া, প্রথম দফার ড্রাগ টেস্টে ব্যর্থ আরও ২ পাইলট

Spread the love

ফুকেট-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়ের পরে পাইলটদের নিয়ে শুরু হওয়া ড্রাগ টেস্টে ফের বড় ধাক্কা। পাইলটদের ড্রাগ পরীক্ষা নিয়ে যে কড়াকড়ি শুরু হয়েছে, তাতে এ বার আরও দু’জন পাইলটের রিপোর্ট ‘নন-নেগেটিভ’ এসেছে বলে সূত্রের খবর। অর্থাৎ, প্রাথমিক স্ক্রিনিংয়ে তাঁদের নমুনায় নিষিদ্ধ বা সাইকোঅ্যাকটিভ কোনও পদার্থের উপস্থিতির সম্ভাবনা চিহ্নিত হয়েছে। তবে তাঁদের চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। তাই এই মুহূর্তে তাঁদের ‘ড্রাগ টেস্টে পজ়িটিভ’ বলা যাচ্ছে না। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত দু’জনকেই রস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ফুকেট-দিল্লি AI2379 বিমানের ঘটনায় পাইলটের ড্রাগ টেস্ট রিপোর্ট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরেই এয়ার ইন্ডিয়া সংস্থায় কর্মরত সমস্ত পাইলটের জন্য বাধ্যতামূলক ড্রাগ স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরীক্ষাতেই এ বার আরও দু’জন পাইলটের প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক ফল মিলল।

৩০০-র বেশি পাইলটের পরীক্ষা

এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর প্রায় ৫,০০০ পাইলটকে এই বিশেষ ড্রাগ টেস্টের আওতায় আনা হয়েছে। ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। ইতিমধ্যেই ৩০০-র বেশি পাইলটের প্রাথমিক স্ক্রিনিং সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। সাধারণত চূড়ান্ত রিপোর্ট পেতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

কেন শুরু হলো এই ড্রাগ টেস্ট?

৪ অগস্ট ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানে মাঝআকাশে আচমকাই প্রায় ৩০০ ফুট উচ্চতা কমে যায়। Airbus A320neo বিমানটিতে সাময়িক ভাবে তিনটি হাইড্রলিক সিস্টেমই একসঙ্গে কাজ করা বন্ধ গুরুত্বপূর্ণ ফ্লাইট কন্ট্রোল কয়েক সেকেন্ডের জন্য কাজ করেনি বলে Airbus-এর প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে। ঘটনায় যাত্রী ও ক্রু মিলিয়ে ২৪ জন আহত হন বলে পরবর্তী রিপোর্টে জানা যায়।

এই ঘটনার পরে বিমানের মুখ্য পাইলটের ড্রাগ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষার পরে তাঁর নমুনার মারিজুয়ানার টেস্ট পজ়িটিভ আসে বলে সূত্রের খবর। এর পরেই এয়ার ইন্ডিয়া গোষ্ঠীর সমস্ত পাইলটের ড্রাগ স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগের ঘটনার পরে বাড়ছে চাপ

ফুকেট-দিল্লি বিমানের ঘটনায় বিমানের টেকনিক্যাল বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। Airbus-এর প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, তিনটি হাইড্রলিক সিস্টেমে সাময়িক চাপহীনতার কারণে প্রায় চার সেকেন্ডের জন্য elevators এবং ailerons-এর মতো গুরুত্বপূর্ণ flight controls কাজ করেনি।

অন্যদিকে, বিমানের মুখ্য পাইলটের ড্রাগ টেস্ট রিপোর্ট সামনে আসার পরে পাইলটদের স্বাস্থ্য পরীক্ষার নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। Air India জানিয়েছে, নতুন ব্যবস্থায় পাইলটরা কোনও নিষিদ্ধ পদার্থ, ওষুধ খাচ্ছেন কি না তা পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা প্রশিক্ষণ চলাকালীন, বিমান চালানোর পরে এবং বিভিন্ন নির্ধারিত কেন্দ্রেও করা হচ্ছে।

বর্তমানে নতুন করে যে দু’জন পাইলটের প্রাথমিক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’ রিপোর্ট এসেছে, তাঁদের চূড়ান্ত রিপোর্টের দিকেই নজর। চূড়ান্ত পরীক্ষায় কী ফল আসে, তার উপরেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *