Shiuli Saha: নিজের বিধানসভায় যা হয়েছে… আতঙ্কিত ঋত-শিবিরের বিধায়ক শিউলি সাহা | TMC Ritabrata Banerjee camp MLA Shiuli Saha feeling afraid after facing harassement
কলকাতা: নিজের কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিধায়ক শিউলি সাহাকে (Shiuli Saha)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের এই বিধায়ককে। এই ঘটনায় যে তিনি আতঙ্কিত, সে কথা স্বীকার করলেন শিউলি। তবে, এলাকায় যে তিনি কাজ করতে চান, তেমনটাই দাবি করেন।
মঙ্গলবার ক্ষুদিরামের জন্মস্থান কেশপুরের মোহবনিতে বলিদান দিবসের আয়োজন করা হয়েছিল। সেখানেই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তার আগেই পৌঁছে যান শিউলি সাহা। সেখানে গেলে তৃণমূব বিধায়ককে ঘিরে স্লোগান দেওয়া হয়। অভিযোগ, যাঁরা বিক্ষোভ দেখান, তাঁরা বিজেপিকর্মী। তাঁদেরকে চিহ্নিত করতে পেরেছেন বলেও জানিয়েছেন শিউলি। তাঁর দাবি, এর মধ্য়ে ছিলেন একজন বিজেপি কর্মীর মা। যে বিজেপি কর্মীর সঙ্গে বিধায়কের যোগাযোগ রয়েছে বলেও জানান।
TV9 বাংলাকে শিউলি বলেন, “সরকারি অনুষ্ঠানে গেলে যদি বিজেপি কর্মীরা এই ব্যবহার করে, তাহলে নিজের বিধানসভা এলাকায় কীভাবে যাব। আমি শঙ্কিত।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানাবেন বলেও দাবি করেন শিউলি। তবে তিনি, এলাকায় কাজ করতে বদ্ধপরিকর। তাঁর দাবি, বিধায়ক তহবিলের টাকা খরচ করতে চান তিনি।
একইসঙ্গে শিউলির বক্তব্য, তিনি শিবির বদল করেননি, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য শুধুমাত্র একটি ভিন্ন প্লাটফর্মে চলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার নিন্দাও করেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, আমার নেত্রী।”